সেই সেপাই এখন কর্মকর্তাদের রোষানলে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কার্যালয়ে মাদক বিক্রির ঘটনা ফাঁস করে দেওয়ায় নিজ কার্যালয়ের কর্মচারীসহ ওই বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রোষানলে পড়েছেন প্রতিবাদকারী সিপাই মনোয়ারা বেগম। ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো তিন দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে মনোয়ারা বেগমকে ৫ জুন কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন অধিদপ্তরের বগুড়া অফিসের সহকারী পরিচালক মানজুরুল ইসলাম।সান্তাহার মাদক নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, কার্যালয়ের ভেতরে মাদক বিক্রি হওয়ার বিষয়টি গত ৩০ মে ওই কার্যালয়ের সিপাই মনোয়ারা বেগম ইউএনও, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ফাঁস করে দেন। এ কারণে ওই দপ্তরের অপর দুই সিপাই ওবায়দুল্লাহ, ওয়ারেছ এবং সহকারী পরিদর্শক খলিলুর রহমান মনোয়ারা বেগমকে সেদিন কার্যালয়ে ঢুকতে বাধা দিয়ে ভেতর থেকে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। মনোয়ারা বেগম তাঁকে হত্যা ও গুম করার হুমকি দেওয়ার অভিযোগে ওই কার্যালয়ের পরিদর্শক, সহকারী পরিদর্শক এবং দুজন কনস্টেবলের বিরুদ্ধে ১ জুন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন । এ বিষয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক ভূপতি কুমারের কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে অপারগতা জানান। বৃহস্পতিবার অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মানজুরুল ইসলামের মুঠোফোনে ফোন করলে তিনি সংযোগ কেটে দেন।