নাম প্রকাশে অনিচ্ছুক সেই সৌদি নাগরিকের দেওয়া প্রায় ৯১০ কোটি টাকার (১৩০ মিলিয়ন ডলার) মধ্যে ৭৭০ কোটি টাকা (১১০ মিলিয়ন ডলার) ব্যয়ে দেশের উপকূলীয় ১৩টি জেলায় প্রায় সাড়ে ৩০০ আধুনিক বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্র নির্মাণে ব্যয় হবে তিন কোটি টাকারও বেশি। ইতিমধ্যে ৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ২০১৫ সালের মধ্যে এসব আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে।বাকি প্রায় ১৪০ কোটি টাকায় (২০ মিলিয়ন ডলার) গড়ে তোলা হয়েছে ফায়েল খায়ের প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে কৃষি, মৎস্য ও পশুসম্পদ খাতে সুদ ও সেবামূল্যমুক্ত ঋণ প্রদান করা হচ্ছে। ফায়েল খায়ের প্রকল্পের এই টাকা বাংলাদেশে স্থায়ীভাবে ঘূর্ণায়মান তহবিল হিসেবে ব্যবহূত হবে। ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) চেয়ারম্যান আহম্মদ মোহাম্মদ আলী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফায়েল খায়ের প্রকল্পের অগ্রগতি দেখতে আজ সোমবার বাগেরহাটের শরণখোলা উপজেলায় আসবেন বলে ইসলামী উন্নয়ন ব্যাংক সূত্রে জানা গেছে।সূত্র জানায়, উপকূলীয় ১৩টি জেলাকে চারটি জোনে ভাগ করে এই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। জেলাগুলো হলো: বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বরিশাল (জোন-১), বরগুনা, পিরোজপুর, লক্ষ্মীপুর (জোন-২), ভোলা, নোয়াখালী (জোন-৩), চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনী (জোন-৪)।ফায়েল খায়ের প্রকল্পের অফিস ব্যবস্থাপক মিরানা মাহরুখ রোববার জানান, আত্মপ্রচারবিমুখ মহান ওই সৌদি নাগরিকের দেওয়া টাকায় উপকূলীয় ১৩টি জেলায় প্রায় সাড়ে ৩০০ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল ও মাদ্রাসায় স্থাপিত আধুনিক এসব আশ্রয়কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবস্থা, গভীর নলকূপ, বিকল্প সুপেয় পানি হিসেবে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থাসহ জরুরি ত্রাণ-সহায়তা পৌঁছানোর সুবিধা রাখা হবে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এসব আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, প্রথম পর্যায়ে এক নম্বর জোনে ৫৯টি আশ্রয়কেন্দ্র নির্মাণের দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় সিডরে সব থেকে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা পাইলট উচ্চবিদ্যালয়ে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ইসলামী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান আজ সোমবার এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। ২০০৭ সালের ১৫ নভেম্বর দেশের বাগেরহাট উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের পর এক সৌদি নাগরিক দুর্গত বাংলাদেশের সহযোগিতার জন্য ওই টাকা দান করেছিলেন। তাঁর দেওয়া শর্ত অনুযায়ী ইসলামী উন্নয়ন ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এই টাকা ব্যয় করা হচ্ছে।