সেই স্কুলছাত্রীর নিরাপত্তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের বিরুদ্ধে সোচ্চার রাজশাহীর তানোরের সেই স্কুলছাত্রীর নিরাপত্তা নিশ্চিত ও মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে গত বুধবার ১০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে তাঁরা তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তানোর থানার মোড়ে এই কর্মসূচি পালিত। এ সময় উপজেলার সাবেক ইউপি সদস্য জাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা, জাতীয় মহিলা পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদা খালেক, তানোর বিআরডিবির চেয়ারম্যান সামসুদ্দীন মণ্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন প্রমুখ বক্তব্য দেন।বক্তব্যে দিল সেতারা অবিলম্বে স্থানীয় প্রশাসনকে মেয়েটিকে নিরাপদ-আবাস থেকে ফিরিয়ে স্বাভাবিক জীবন গড়তে সার্বিক সহায়তা করার দাবি জানান।তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের নোনাপুকুর গ্রামের কোয়েল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী আরিফা খাতুন তার নিজ গ্রামে মাদকবিরোধী একটি সংগঠনের মাধ্যমে এক বছর গ্রামের কিশোর-কিশোরীদের সংগঠিত করে আসছে। এই আন্দোলন করতে গিয়ে সে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামের রোষানলে পড়ে। এর আগে তার ওপর হামলা চালানো হয়। এবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার অভাবে ২ জুন থেকে সে এক আত্মীয়ের বাড়িতে ছিল। গত সোমবার থেকে আরিফা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিরাপদ-নিবাসে (সেভ হোমে) আছে।