সেই স্কুলমাস্টারের দশ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পৃথক দুটি অপরাধে কুষ্টিয়ার সেই স্কুলমাস্টা​রকে (হেলাল উদ্দীন ওরফে পান্না মাস্টার) পাঁচ বছর করে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে আড়াই লাখ টাকার জরিমানা করা হয়। মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মাহমুদা বেগম এ রায় দেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরতলির আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বর্তমানে বরখাস্ত) হেলাল উদ্দিন ওরফে পান্না মাস্টার তাঁর বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় কৌশলে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একই সঙ্গে তিনি সেই দৃশ্য গোপনে ভিডিও ধারণ করেন এবং ভয় দেখিয়ে দিনের পর দিন ছাত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এসব ঘটনায় কুষ্টিয়া মডেল থানার তৎকালীন উপপরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে ২০১৩ সালের ৭ জুলাই কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

পান্না মাস্টার কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, অনৈতিক সম্পর্কের ভিডিও চিত্র ধারণের অপরাধে পান্না মাস্টারকে পাঁচ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং ওই ভিডিও চিত্র বাজারজাতকরণের অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করেন আদালত। আদালত প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, মনিরুল ইসলাম ও আওলাদ হোসেনকে বেকসুর খালাস দেন। রায়ের সময় হেলাল উদ্দীনসহ তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।