সেই স্কুলের মাঠে এখনো গরুর হাট, নির্দেশ মানা হচ্ছে না
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেণুপুর বজলুর রহমান উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে গরুর হাটটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও, তা কার্যকর হয়নি। গতকাল রোববারও সেখানে গরুর হাট বসে। বাজারের কোলাহলের মধ্যে স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে।সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার পর থেকে স্কুলের মাঠের পূর্ব পাশে গরু আসতে শুরু করে। একপর্যায়ে বাঁশের তৈরি বেড়ার মধ্যে গরু বাঁধতে শুরু করেন হাটে আসা ব্যাপারিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে স্কুলের মাঠের দুই দিকে বাঁশ দিয়ে বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এর আগে ২ মে ওই স্কুলে গিয়ে দেখা গেছে, স্কুলের ছাত্রছাত্রীদের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যখন সবাই ক্লাসে মনোযোগী হচ্ছে, ঠিক তখন থেকেই মাঠে গরু আসতে শুরু করে। এ অবস্থাতেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হয়েছে।উপজেলা প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বছর (বাংলা সালে) হাটটি যখন ইজারা দেওয়া হয়, তখন পত্রিকায় প্রতিবেদন ছাপা হলে ইউএনও মাহমুদুল কবীর স্কুল কর্তৃপক্ষ ও ইজারাদারদের হাটটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। গত ১৫ এপ্রিল ছাত্রছাত্রীরা স্কুল কর্তৃপক্ষের কাছে হাট সরিয়ে নেওয়ার আবেদন করলে, স্কুল কর্তৃপক্ষ ১৮ এপ্রিল হাট সরিয়ে নেওয়ার জন্য ইউএনওর বরাবর আরেকটি আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএনও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। কিন্তু আজও গরুর হাট সরিয়ে নেওয়া হয়নি।ছাত্রছাত্রীদের কয়েকজন জানায়, আগে স্কুল ছুটি দিয়ে গরুর হাট বসানো হতো। বিষয়টি নিয়ে পত্রিকায় লেখার পর স্কুল কর্তৃপক্ষ স্কুল ছুটি না দিয়ে এখন বিকেল পর্যন্ত ক্লাস করায়। প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, স্কুলের মাঠে গরুর হাটের জন্য ছাত্রছাত্রী ও ক্লাস-শিক্ষকদের অনেক ক্ষতি হচ্ছে। এমনও হয়েছে, যখন হঠাৎ বৃষ্টি হয়, তখন গরু-ছাগল স্কুলের বারান্দায় উঠিয়ে রাখা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফী জানান, রাজনৈতিক দলাদলির কারণে হাটটি সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে নতুন করে ইজারা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, থানার পুলিশ পাঠিয়ে হাট সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। ইউএনও মাহমুদুল কবীর জানান, বাজারের পাশেই নতুন করে মাটি ভরাট করে গরুর হাটটি স্থানান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যত দিন না নতুন জায়গা ঠিক করা হচ্ছে, তত দিন হাটটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।