সেই স্টেশনমাস্টারের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার রেজাউল করিমের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার রেলওয়ে পাকশী বিভাগের এক তারবার্তার মাধ্যমে এ কথা জানানো হয়।
সান্তাহার স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্বাক্ষরিত একটি তারবার্তা বুধবার তাঁদের কাছে আসে। এতে বলা হয়, স্টেশনমাস্টার রেজাউলকে সাময়িক বরখাস্ত করার আদেশটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে একই ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদের বিষয়ে ওই তারবার্তায় কিছু বলা হয়নি। তাঁর বিষয়ে পৃথক কোনো তারবার্তাও আসেনি।
মামুনুর রশিদ ২ সেপ্টেম্বর দুপুরে সান্তাহার স্টেশনের রেস্টহাউসের শৌচাগারে ঢোকেন। তিনি বের হওয়ার সময় ওই শৌচাগারের সামনে হাজির হন রেলওয়ের পশ্চিম অঞ্চল জোনের মহাব্যবস্থাপক খায়রুল আলম। এ সময় তিনি মামুনুর রশিদের পরিচয় জানতে চান। এরপর তিনি কেন ওই শৌচাগারে ঢুকেছেন প্রশ্ন করেন। সবকিছু শোনার পর মহাব্যবস্থাপক স্টেশনমাস্টার রেজাউল করিমকে ডেকে ভর্ৎসনা করেন। মহাব্যবস্থাপক স্টেশন ছেড়ে চলে যাওয়ার পর পাকশী রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ থেকে এক তারবার্তায় রেজাউল করিম ও মামুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানানো হয়।
স্টেশনমাস্টার রেজাউল করিম বলেন, কী অপরাধে তাঁকে বহিষ্কার করা হয়েছিল, তা তিনি জানেন না।