সেই স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে বন্ধুরা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বাজারের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র সরকারকে (৩০) তাঁর বন্ধুরা পরিকল্পিতভাবে হত্যা করেছেন। গ্রেপ্তার করা দুই বন্ধু গতকাল সোমবার গাজীপুরের আদালতে দেওয়া জবানবন্দিতে তাঁকে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন। হত্যার ঘটনায় আটক করা হয়েছে আরও চারজনকে।কালিয়াকৈর থানার পুলিশ উপজেলার বরাব ও ভান্নারা এলাকায় অভিযান চালিয়ে কৃষ্ণচন্দ্রের বন্ধু বরাব এলাকার আরিফ হোসেন (৪০) ও মাসুদ মিয়াকে (২০) গ্রেপ্তার করে। আটক করা অপর চারজন হলেন ভান্নারা বাজারের কাঠমিস্ত্রি শ্যামল চন্দ্র (২৮), বরাব এলাকার আনোয়ার (৩০), একই এলাকার নিখিল চন্দ্র (৩৫) ও জহিরুল ইসলাম (৩২)। পুলিশ গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী কোনাবাড়ী এলাকার মধুসূদনের স্বর্ণের দোকান থেকে ১১ হাজার টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন গতকাল জানান, গত রোববার দিবাগত রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার ও আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজন গতকাল দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকার করেছেন, ভান্নারা বাজারের নমিতা জুয়েলার্স নামের স্বর্ণালংকার দোকানের মালিক কৃষ্ণচন্দ্র সরকার তাঁদের বন্ধু। তাঁরা ছয় বন্ধু মিলে গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কৌশলে কৃষ্ণকে পার্শ্ববর্তী বরাব এলাকার একটি ধানখেতে নিয়ে যান। সেখানে রাখা দা দিয়ে তাঁরা কৃষ্ণকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন। এর আগে তাঁরা কৃষ্ণের কাছ থেকে মোবাইল ফোন, ৮০ টাকা ও দোকানের চাবি নিয়ে নেন। পরে তাঁর দোকানে গিয়ে তাঁরা শোকেস ও সিন্দুকের তালা খুলে চার থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে নেন।