সেই স্বাচিপ নেতার যত কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা চিকিৎ সক পরিষদ (স্বাচিপ) রাজশাহীর সেই নেতা মহিবুল হাসানকে তাৎ ক্ষণিক অবমুক্তকরণ (স্ট্যান্ড রিলিজ) আদেশে বগুড়ায় বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি। তিনি বদলির আদেশ বাতিল করার চেষ্টার পাশাপাশি রাজশাহী থেকে আরও নানা ঘটনার জন্ম দিচ্ছেন।বদলির পরও তিনি নিয়মবহির্ভূতভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হয়ে বাইরে পরীক্ষা নিতে গিয়েছিলেন। বিষয়টি অবগত হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ওই পরীক্ষাই বাতিল করে দিয়েছে। এদিকে নির্যাতনের অভিযোগে মহিবুল হাসানের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় শুক্রবার তাঁর স্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎ সক শারমিন সুলতানা অভিযোগ দায়ের করেছেন।এর আগে গত আগস্টের শেষ সপ্তাহে মহিবুল হাসানকে সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। ৪ সেপ্টেম্বর তিনি তাৎ ক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হন। কিন্তু তিনি গতকাল রোববার পর্যন্ত বগুড়ায় কর্মস্থলে যোগ দেননি। গতকাল দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মাহাবুবুল করিম জানান, মহিবুল হাসান তাঁদের সঙ্গে কোনো যোগাযোগই করেননি। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মহিবুল হাসান রাজশাহীতে থেকে তাঁর বদলি আদেশ বাতিল করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি প্রশাসনিক পদে নিয়োগের জন্য চেষ্টা করছেন।এদিকে মহিবুল হাসান ১০ ও ১১ সেপ্টেম্বর সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষক হিসেবে এমবিবিএস শেষ বর্ষের পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেন। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়া জানান, বদলির আগে মহিবুল হাসানকে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে নর্থবেঙ্গল মেডিকেল কলেজে পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই তাঁকে বগুড়ায় বদলি করা হয়। এ ব্যাপারে মহিবুল হাসান জানান, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষা নিতে গিয়েছিলেন। দুটি কলেজই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন। তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের আদেশের কপিও আছে। তার পরও কেন যে ডিন এই পরীক্ষা বাতিল করলেন, তিনি বুঝতে পারছেন না। স্ত্রীকে মারধর করার ব্যাপারে তিনি বলেন, ‘ও (স্ত্রী) আসলে মানসিকভাবে একটু অসুস্থ।’বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চলতি দায়িত্বের একজন সহকারী অধ্যাপক হয়ে পরিচালকসহ (প্রশাসন) বেশ কয়েকটি পদ দখল করে আলোচিত হয়েছিলেন মহিবুল হাসান। সর্বশেষ তিনি নিজে হামলার শিকার হলে তাঁর সমর্থক বাহিনী দিয়ে স্থানীয় ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়। তিনি স্বাচিপ নেতার পদ হারান।