সেই স্মৃতিসৌধ থেকে খেলামঞ্চ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের টিলাগড় মোড়ে মুক্তিযুদ্ধে জেলার শহীদদের নামতালিকা-সংবলিত স্মৃতিসৌধ থেকে ‘ফুটসাল টুর্নামেন্ট’ মঞ্চ অপসারণ করা হয়েছে। প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের নির্দেশে গত সোমবার রাতে খেলার আয়োজকেরা নিজ থেকেই মঞ্চ অপসারণ করে।গতকাল মঙ্গলবার স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে, স্মৃতিসৌধ উদ্যানের এক পাশে খেলামঞ্চ স্থানান্তর করা হয়েছে। স্মৃতিসৌধ বেদিকে খেলামঞ্চে রূপান্তর করার মাইক, চেয়ারসহ যাবতীয় স্থাপনা সরিয়ে উন্মুক্ত হিসেবেই রাখা হয়েছে স্মৃতিসৌধ। সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমানের নামে প্রবর্তিত ‘ফুটসাল টুর্নামেন্ট’ আয়োজন করা হয় স্মৃতিসৌধ উদ্যানে। খেলার ধারাবিবরণী ও অতিথির উপস্থিতির জন্য স্মৃতিসৌধকে মঞ্চ বানিয়ে খেলা চলছিল। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া খেলার উদ্বোধন করেছিলেন মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। তিনি উদ্বোধনের দিনই স্মৃতিসৌধ থেকে মঞ্চ অপসারণ করার কথা আয়োজকদের বলেছিলেন। ৩৩তম খেলা চলাকালীন স্মৃতিসৌধ থেকে মঞ্চ অপসারিত না হওয়ায় ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘স্মৃতিসৌধকে মঞ্চ বানিয়ে উদ্যানে চলছে খেলা!’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।