সেই সড়ক নারীদের চলাচলে উন্মুক্ত ঘোষণা
বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় শর্ষিনা পীরের খানকা শরিফের ভেতরে সরকারি সড়ক দিয়ে নারীদের চলাচলে নিষেধাজ্ঞা-সংবলিত সাইনবোর্ড অপসারণের পর গতকাল রোববার সকালে ওই সড়কে নারীদের চলাচল উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার রাতে আমতলী থানার ওসির নেতৃত্বে আলোচনা সাপেক্ষে ওই বিতর্কিত সাইনবোর্ড অপসারণের পর গতকাল রোববার বেলা ১১টায় বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক ঘটনাস্থলে যান এবং এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় নারী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে ওই সড়ক ও নির্মিতব্য ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে নারী-পুরুষের জন্য উন্মুক্ত ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, কুকুয়া ইউপির চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ তালুকদার প্রমুখ।
প্রথম আলোয় গতকাল রোববার ‘নারী চলাচলে নিষেধাজ্ঞার সাইনবোর্ড নামাল পুলিশ’ শিরোনামে এ সংক্রান্ত একটি খবর ছাপা হয়।