কিশোরগঞ্জের নিকলী উপজেলার নয়াহাটি গ্রামের ধসে পড়া সড়ক সংস্কারের কাজ গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। নির্মাণের চার দিনের মাথায় নিচ থেকে মাটি সরে গিয়ে সড়কটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘রাস্তা নির্মাণের তিন দিনেই ধস, দুর্ঘটনার আশঙ্কা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন (হিলিপ) প্রকল্পের আওতায় ৩০০ মিটার সড়কটি নির্মাণ করা হয়। এর মধ্যে নয়াহাটি গ্রামের ২০ মিটার ১৩ সেপ্টেম্বর সামান্য বৃষ্টিতে ধসে পড়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, হিলিপ প্রকল্পের লোকজন নয়াহাটি গ্রামের ওই ধসে যাওয়া ২০ মিটার সড়কে শ্রমিক দিয়ে বালু ফেলছে। শ্যালো ইঞ্জিন দিয়ে পুকুর থেকে পানি তুলে সেই বালুতে দেওয়া হচ্ছে। রাস্তার দুই পাশে কাদামাটি দিয়ে উঁচু করা হচ্ছে।
হিলিপ প্রকল্প ও এলাকাবাসী সূত্র জানায়, নিকলী-কিশোরগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় থেকে নয়াহাটি গ্রামের পাশ দিয়ে কুলুহাটি পর্যন্ত ২৭০ মিটার আরসিসি সড়ক নির্মাণ করে এলজিইডি। নিকলী পুরান বাজার ঘাটের ৩০ মিটারসহ ৩০০ মিটার সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় ১৮ লাখ টাকা। সড়কে মাটি না ফেলে বালু দিয়ে ভরাট করে ৯ সেপ্টেম্বর ২৭০ মিটারের নির্মাণকাজ শেষ করা হয়। ১৩ সেপ্টেম্বর সামান্য বৃষ্টিতে প্রায় ২০ মিটার সড়কের নিচ থেকে বালু ধসে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় এর ওপর দিয়েই চলাচল করে মানুষ ও যানবাহন।
হিলিপ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মেহেদী ইমাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গতকাল বালু ও মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। আশা করছি, দুদিনের মধ্যেই কাজ শেষ করতে পারব।’