সেই সড়কটি পাকা করার প্রতিশ্রুতি সাংসদের
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোরবানপুর গ্রামের সেই সড়কটি সরকারি টাকায় তিন মাসের মধ্যে পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন। গতকাল সোমবার সড়কটি পরিদর্শন করে তিনি এলাকাবাসীকে ওই প্রতিশ্রুতি দেন।
গ্রামবাসী চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটি নির্মাণ শুরু করেছিলেন। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হলে নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ) সাংসদ লিয়াকত হোসেন এই প্রতিনিধিকে নিয়ে সড়কটি পরিদর্শন করতে যান।
এ সময় গ্রামের মুরব্বিরা সাংসদকে জানান, সড়কটি ৩০ বছর ধরে নির্মাণ করা হচ্ছে না। আওয়ামী লীগ ও বিএনপির দুজন সাবেক সাংসদ সড়কটি নির্মাণের ব্যাপারে অনেক বার প্রতিশ্রুতি দিলেও পূরণ করেননি। তাই তাঁরা নিজেরা চাঁদা তুলে ইট বিছিয়ে সড়ক নির্মাণের কাজ করছেন। সাংসদ লিয়াকত তাঁদের বলেন, ‘দেশে সরকার থাকতে এভাবে চাঁদা তুলে আপনাদের কাজ করতে হবে, তাহলে সরকারি অর্থ আমরা কোথায় খরচ করব। আগামী তিন মাসের মধ্যেই সড়কটি সরকারি অর্থে নির্মাণ করা হবে।’