সেই সড়কে এবার প্রাণ গেল দুই শিশু শিক্ষার্থীর
আবার বাঁকে ভরা সেই বিপজ্জনক সড়ক, আবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এবার প্রাণ গেল দুই শিশু শিক্ষার্থীর। বেপরোয়া গতির মাইক্রোবাস একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে চাপা দিয়েছে বিদ্যালয়গামী এই দুই শিশুকে। গতকাল বুধবার সকালে রাজশাহীর পুঠিয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মাইক্রোবাসের চাপায় নিহত দুই শিক্ষার্থী হলো তৃষা খাতুন ও তানজিলা আক্তার ওরফে বর্ষা। দুজনের বয়সই সাত বছর। পুঠিয়ার গাঁওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ত। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাজশাহী-নাটোর সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়ার গাঁওপাড়া এলাকায় গতকাল সকাল ১০টার দিকে রাজশাহী-নাটোর সড়কের পাশ দিয়ে হেঁটে বর্ষা ও তৃষা বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় নাটোরগামী একটি মাইক্রোবাস একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে শিশু দুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দেড় ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মাইক্রোবাসচালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ শিশু দুটির লাশ বিদ্যালয় মাঠে নিয়ে যায়। এ সময় তাদের সহাপাঠী, অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকেরা কান্নায় ভেঙে পড়েন। সবার অনুরোধে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত হয়।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নফিসা বেগম বলেন, শিশু দুটি দরিদ্র পরিবারের। তাদের আর্থিক সহযোগিতা করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
বর্ষা পুঠিয়ার সেনভাগ গ্রামের জাফর আলীর মেয়ে। তৃষার বাড়ি পবা উপজেলার কাটাখালিতে। সেনভাগ গ্রামে নানির বাড়িতে থেকে সে পড়াশোনা করত। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ বলেন, সড়কে প্রচুর বাঁক থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী-নাটোর সড়কের ২০ কিলোমিটার রয়েছে পুঠিয়া অংশে। এই ২০ কিলোমিটার এলাকায় সড়কে ৫৪টি বাঁক রয়েছে। এসব বাঁকের কারণে প্রতিবছর কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, প্রাণ যাচ্ছে মানুষের।
পুলিশ বলছে, অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে এই ২০ কিলোমিটার এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পুঠিয়া সদরের পূর্ব পাশে তোকিয়ার ঢালান থেকে উপজেলা সদর পর্যন্ত মাত্র পাঁচ কিলোমিটার সড়কেই রয়েছে ১৮টি বাঁক। সবচেয়ে ভয়ংকর বাঁক হচ্ছে কাঁঠালবাড়িয়া।
২০১২ সালের ৩ জানুয়ারি সড়কের ঝলমলিয়া এলাকায় ট্রাকচাপায় বিদ্যালয় যাওয়ার পথে প্রথম শ্রেণীর ছাত্র লিমন ঘোষ (৬) নিহত হয়। একই বছরের ২১ মার্চ বেলপুকুর এলাকায় বাসের ধাক্কায় নিহত হয় প্রথম শ্রেণীর ছাত্রী ইমু খাতুন (৫)। একই বছরের ২৩ মে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে শিবপুর এলাকায় মারা যায় আরও পাঁচজন।
সবচেয়ে হূদয়বিদারক ঘটনা ঘটে ওই বছরের ৯ জুলাই। ওই দিন পুঠিয়ার বিড়ালহ বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী যুথি খাতুন (১৫) ও নূর জাহান খাতুন ওরফে ফাল্গুনী (১৬) সড়কের মাইপাড়া বাজার এলাকায় ট্রাকচাপায় মারা যায়। এ ঘটনার পর রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পুঠিয়ার ২০ কিলোমিটার এলাকায় বাঁকে বাঁকে সাইনবোর্ড টাঙানো হয়। এতে লেখা ‘দুর্ঘটনাপ্রবণ এলাকা। সাবধানে গাড়ি চালান।’ পুলিশের এসব উদ্যোগের পরও দুর্ঘটনা-মৃত্যু থামছে না।
২০০৯ সালে ওই সড়কে দুর্ঘটনায় মারা যান পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ায়েজুল ইসলাম ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম আবদুল মান্নান। ২০০৮ সালে মেয়ে ও নাতিসহ মারা যান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আবদুল হান্নান। ২০০৭ সালে শিবপুরে অল্পের জন্য প্রাণে বেঁচে যান রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।