সেই সড়কের নিম্নমানের ইটের খোয়া অপসারণ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সেই দুলালী-সোনাইমাগুড়া সড়কের নিম্নমানের ইটের খোয়া বাছাই করে তা অপসারণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত শ্রমিকেরা গত মঙ্গলবার সকাল থেকে সড়কের নিম্নমানের ইটের খোয়া বাছাই করে তা অপসারণ করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সড়কের নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় তাঁরা স্থানীয় সাংসদ আবু আল মাহমুদ স্বপনের কাছে একটি লিখিত অভিযোগ করেছিলেন। এ নিয়ে গত ২৮ এপ্রিল প্রথম আলোয় ‘নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, ভাইস চেয়ারম্যান এস এম রাশেদুল আলম ও উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম সড়কটি পরিদর্শনে যান।
দুলালীরত্নাহার গ্রামের বাসিন্দা পলাশ বলেন, মঙ্গলবার সকাল থেকে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা সড়কের নিম্নমানের ইটের খোয়া বাছাই করে তা অপসারণ করেন। ওই দিনই জয়পুরহাট জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী নাঈমা নাজনীন সড়কটি পরিদর্শনে এসেছিলেন।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাঈমা নাজনীন বলেন, ‘আমি সড়কটি পরিদর্শনে গিয়েছিলাম।’ সড়ক নির্মাণকাজে কোনো অনিয়ম হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি উপজেলা প্রকৌশলীকে জিজ্ঞেস করেন। তিনি বিষয়টি ভালো জানবেন।’ উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, সড়কের নিম্নমানের ইটের খোয়া বছাই করে তা অপসারণ করেছেন ঠিকাদারের লোকজন। এখন সড়কে ভালো মানের খোয়া রয়েছে।