সেই হরিণটিকে বাঁচানো গেল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় পাচারের সময় উদ্ধার হওয়া সেই হরিণটিকে বাঁচানো গেল না। সাত দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় হরিণটি মার যায়। ২৬ ডিসেম্বর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন চকবারা গ্রাম থেকে বুড়িগোয়ালিনী নৌ-ফাঁড়ির পুলিশ হরিণটি উদ্ধার করেছিল।
বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এনামুল হক জানান, ২৬ ডিসেম্বর তাঁরা গোপনে সংবাদ পান, চোরা শিকারি দল একটি জীবিত হরিণ সুন্দরবন থেকে ধরে চকবারা এলাকায় রেখেছে। সেখান থেকে প্রাণীটিকে তারা খুলনায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ খবরের ভিত্তিতে তাঁরা চকবারা এলাকায় অভিযান চালান। পরে তাঁরা দেখতে পান, এলাকার কালীবাড়ির সামনে চার পা বাঁধা একটি হরিণ ফেলে রাখা হয়েছে। সেখান থেকে হরিণটি উদ্ধার করে বুড়িগোয়ালিনী বন বিভাগে পাঠানো হয়।
শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কর্মকার জানান, কয়েক দিন খেতে না পেয়ে হরিণটি অসুস্থ হয়ে পড়ে। তাই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হরিণটি।