সেই হাতি ধরতে এবার ফাঁদ
বানের জলে ভেসে আসা বুনো হাতিটিকে আটক করতে অনেক চেষ্টার পর এবার শুকনো স্থানে কয়েকটি ফাঁদ বসানো হয়েছে। তবে ফাঁদ বসানোর ১০ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত ফাঁদে পা দেয়নি হাতিটি।
গত বৃহস্পতিবার দুপুরে হাতিটিকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করা হয়। পরে হাতিটিকে ধরে পায়ে ও শরীরে শিকল-দড়ি দিয়ে একটি আমগাছে বেঁধে রাখা হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে হাতিটি শিকল আর দড়ি ছিঁড়ে কাছের একটি জলাশয়ে নেমে পড়ে। এতে কয়ড়া গ্রামবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। এরপরই হাতিটিকে ধরতে আবার ফাঁদ বসানো হয়।
ঢাকার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক অসিত রঞ্জন পাল বলেন, ভারত থেকে বাংলাদেশে ভেসে আসা হাতিটিকে উদ্ধারে এলাকাবাসীর সহযোগিতা পাওয়া যাচ্ছে। ফাঁদ পেতে হাতিটিকে ধরার জন্য বসে আছি। সুবিধাজনক স্থানে এলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
হাতিটিকে উদ্ধারে ঢাকার বন অধিদপ্তরের ২০ সদস্যের প্রতিনিধিদলও কাজ করে যাচ্ছেন।
কয়ড়া গ্রামের বাসিন্দা আবদুল গফুর বলেন, ‘হাতিটি শিকল ছিঁড়ে যাওয়ায় জানমাল নিয়ে আমরা ভয়ে আছি।’
কামরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুনছুর আলী খান বলেন, হাতিটি শিকলমুক্ত হওয়ায় কয়ড়া গ্রামবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।
ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে হাতিটি গত ২৮ জুন এ দেশে আসে। ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চরে ১১ দিন অবস্থান করে। ২৭ জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যায়।
আরও পড়ুন: