সেই হাতিটি ধরা পড়ল আগরতলায়
ব্রাহ্মণবাড়িয়ায় পয়লা বৈশাখের দিন শোভাযাত্রা থেকে ছোটাছুটি করে পালিয়ে যাওয়া হাতিটি অবশেষে ধরা পড়েছে। ওই দিন রাতে হাতিটি আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরার আগরতলায় ঢুকে পড়ে। টানা সাত দিন স্থানীয় বন বিভাগের কর্মীরা চেষ্টা চালিয়ে শনিবার হাতিটিকে আটক করতে সক্ষম হয়েছেন বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ সূত্র জানায়, হাতিটি দ্য নিউ স্টার নামের একটি সার্কাস দলের পোষা। পয়লা বৈশাখের শোভাযাত্রা থেকে অস্থির অবস্থায় সেটি পালিয়ে গেলে পরদিন রোববার সার্কাস দলটির পক্ষে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিজিবি ১২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর একরামুল হক খান প্রথম আলোকে বলেন, হাতিটি সীমান্ত পার হওয়ার পরপরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানানো হয়। পরে পতাকা বৈঠকে সেটি ধরা পড়লে ফেরত দেওয়া হবে বলে বিএসএফ আমাদের জানায়। হাতিটি ধরা পড়েছে। তাই তাদের সঙ্গে আবার কথা বলা হবে। বাংলাদেশ সার্কাস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ওই সার্কাস দলের স্বত্বাধিকারী আবদুছ সামাদ বলেন, হেলেনবালা সুন্দরী নামের হাতিটি গর্ভবতী। সেটি কোনো কারণে সেদিন অস্থির হয়ে ওঠে।