সেই হাতুড়ে চিকিৎসকের হাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সেই হাতুড়ে চিকিৎসক ডি কে গোলদারের ভুল চিকিৎসায় এবার প্রাণ গেল সাবিনা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর৷ গতকাল বুধবার সকালে পৌর শহরের মহিমা ক্লিনিকে এ মৃত্যুর ঘটনা ঘটে৷
সাবিনা বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের আবদুল হামিদ হাওলাদারের মেয়ে৷ সে হলতা ডৌয়াতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত৷
এর আগে গত বছরের ২৭ জুলাই ডি কে গোলদারের অস্ত্রোপচারের পর উপজেলার হলতা গ্রামের মৃত আফজাল হোসেনের মেয়ে মাদ্রাসার ছাত্রী পাপিয়া আক্তারের (১৩) মৃত্যু হয়৷ ওই ঘটনায় পুলিশ ডি কে গোলদারকে গ্রেপ্তার করেছিল৷ কিছুদিন পরই তিনি মুক্তি পান৷
সাবিনার বাবা আবদুল হামিদ হাওলাদার বলেন, গত শনিবার বিকেলে জ্বরে অসুস্থ মেয়েকে নিয়ে বামনার রামনা বৈকালিন বাজারে ডি কে গোলদারের চেম্বারে যান৷ রোগীকে দেখে গোলদার মঠবাড়িয়া পৌরশহরের সেবা ডায়াগনস্টিক সেন্টারে রোগনির্ণয়ের জন্য পাঠান৷ পরদিন রোববার সেখানে রোগনির্ণয় করে প্রতিবেদনটি ডি কে গোলদারকে দেখালে তিনি তাঁর মেয়েকে মহিমা ক্লিনিকে ভর্তি করাতে বলেন৷ এরপর রোববার তিনি সাবিনাকে ওই ক্লিনিকে ভর্তি করেন৷ গতকাল সকাল নয়টার দিকে ডি কে গোলদার সাবিনার শরীরে একটি ইনজেকশন পুশ করেন৷ এরপর তাঁর মেয়ের মৃত্যু হয়৷
গতকাল বিকেলে মহিমা ক্লিনিকে গিয়ে একজন সেবিকা ছাড়া কাউকে পাওয়া যায়নি৷ এ সময় নিহতের বাবার সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তিকে সমঝোতা বৈঠক করতে দেখা গেছে৷
আবদুল হামিদ হাওলাদার বলেন, ‘চিকিৎসকের ভুল চিকিৎসায় সাবিনার মৃত্যু হয়েছে৷ মেয়ের মৃত্যুর পর ক্লিনিক মালিক আমাকে এক লাখ টাকা দেওয়ার কথা বলেন৷ মামলা করলে মেয়েকে কাটা-ছেড়া (ময়নাতদন্ত) করা হবে ভেবে আমি তাঁদের প্রস্তাবে রাজি হই৷ এখন বলছেন ৫০ হাজার টাকা দেবেন৷’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, মহিমা ক্লিনিকে অভিযান চালিয়ে সমঝোতার কাগজ উদ্ধার করা হয়েছে৷ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে৷
ডি কে গোলদারের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি৷ ক্লিনিকের মালিক গোলাম মোস্তফা টাকা দিয়ে নিহতের বাবার সঙ্গে সমঝোতার কথা স্বীকার করে বলেন, মেয়েটি খুব অসুস্থ থাকায় মারা গেছে৷ ডি কে গোলদারের চিকিৎসা সনদ আছে কি না জানতে চাইলে তিনি জানান, চিকিৎসা সনদ আছে৷
তবে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ডি কে গোলদারের কোনো চিকিৎসা সনদ নেই৷ পার্শ্বপ্রতিক্রিয়া না জেনে ইনজেকশন পুশ করায় রোগীর মৃত্যু হতে পারে৷