সেই হাসপাতালেই গেল যমজ শিশুরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি জন্ম নেওয়া যমজ শিশু এখলাস হোসেন ও ইয়াসিন হোসেনকে খেলনাসামগ্রী উপহার দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের লালন-পালনে নগদ ১৫ হাজার টাকা সহায়তাও দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেলে গতকাল বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে শিশু দুটির বাবা-মা কাওছার হোসেন ও রুনা আক্তারের কাছে এই উপহার ও সহায়তা তুলে দেওয়া হয়।
গত ২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেলে এই যমজ ছেলেদের জন্ম দেন মোহাম্মদপুরের পোড়া বস্তির বাসিন্দা রুনা আক্তার। পরদিন সকালে যজম শিশুর একটি এখলাস নবজাতক ওয়ার্ড থেকে চুরি হয়। তাকে ২৮ আগস্ট দিবাগত রাত তিনটার দিকে গাজীপুরের বোর্ডবাজারসংলগ্ন একটি বাসা থেকে উদ্ধার করে র্যাব। পরদিন তাকে র্যাব কার্যালয়ে মা-বাবার কাছে তুলে দেন র্যাবের কর্মকর্তারা। সেখানেই কাওছার দুই ছেলের নাম রাখেন। এর মধ্যে উদ্ধার হওয়া ছেলের নাম রাখেন এখলাস হোসেন, অন্যজনের নাম ইয়াসিন হোসেন। যে হাসপাতাল থেকে এখলাস চুরি হয়েছিল, গতকাল সেই হাসপাতালেই তারা গেল উপহার ও সহায়তা নিতে।
গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত সংবাদ সম্মেলনে দুই শিশু নিয়ে উপস্থিত তাদের মা-বাবা একই কথা পুনর্ব্যক্ত করেন। তাঁরা সন্তান উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আশা করেন, তাদের গড়ে তুলতে সবাই সহায়তার হাত বাড়াবেন।
সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, যমজ দুই সন্তানের বাবা নিরাপত্তাকর্মী ছিলেন। চুরি হওয়া সন্তান খোঁজাখুঁজি করতে গিয়ে তাঁর চাকরি চলে গেছে। দুই সন্তান লালন-পালনের কথা বিবেচনা করে বাবা-মাকে অর্থসহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া যমজ শিশু দুটিকে ভবিষ্যতে মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের বাবা পিরোজপুরের মঠবাড়িয়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শাখায় একটি সঞ্চয়ী হিসাব (সঞ্চয়ী হিসাব নম্বর ৬২১১২০০৪১৬৫৯) খুলেছেন। এতে সহায়তা দিতে তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, জনবল কম থাকা সত্ত্বেও শিশু চুরির মতো ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রসূতি ও নবজাতক ওয়ার্ড থেকে বহিরাগত ভাসমান আয়াদের বের করে দেওয়া হয়েছে।