সেই হুন্ডি কাজলের তিন বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহম্মেদ
ফারুক আহম্মেদ

দেশের দক্ষিণাঞ্চলের বহুল আলোচিত হুন্ডি ব্যবসায়ী ফারুক আহম্মেদ কাজল ওরফে হুন্ডি কাজলকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে পুলিশের দায়ের করা এই মামলার বাকি ৯৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
ঝিনাইদহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান গতকাল সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন ৪৯ জন আসামি। তবে রায়ে সাজাপ্রাপ্ত একমাত্র আসামি কাজল পলাতক রয়েছেন। কাজল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের বাসিন্দা। আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালত সূত্রে জানা যায়, ২০০০ সালের ২ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. দুলাল উদ্দিন আকন্দ ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় একটি মামলা করেন। এতে কাজল ও তাঁর ভাই শাহরিয়ার হোসেন ওরফে চঞ্চল, সৈয়দ মাহমুদ জোয়ার্দ্দার ওরফে মধু প্রফেসর, সেই সময়ের আওয়ামী লীগের নেতা বর্তমানে প্রয়াত নাসির উদ্দিন কালু, এনারুল হোসেন মালিথা, রত্না চৌধুরী, ফজলুর রহমান, নুরু ধোপা, সাবেক কাউন্সিলর জাহিদ, আবুল কাশেম, রেজাউল ইসলাম ওরফে রেজা, শরাফত হোসেন ওরফে পুটকে, সেলিম, স্বপন, ওয়াদুর রহমান ওরফে চিট বল্টু, কালীগঞ্জের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নানসহ ১৪০ জনের নাম উল্লেখ করা হয়।
এজাহারে বাদী অভিযোগ করেন, কাজল ১৯৯৩ সালে হুন্ডি ব্যবসা গড়ে তোলেন। এরপর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সৃষ্টি করেন অসংখ্য এজেন্ট। যাঁদের মাধ্যমে প্রায় আড়াই হাজার কোটি টাকা লেনদেন হয়। হাজার হাজার মানুষ এই হুন্ডি ব্যবসায় টাকা লগ্নি করেন। এই হুন্ডি ব্যবসায় বেশ কিছু ব্যাংকও সহযোগিতা করে বলে অভিযোগ করা হয়। ১৯৯৯ সালে সংবাদপত্রে এই হুন্ডি ব্যবসা নিয়ে লেখালেখি শুরু হলে ব্যবসায় কিছুটা মন্দাভাব দেখা দেয়। এরপর ২০০০ সালে কাজলের এক এজেন্ট রত্না চৌধুরী ১২ কোটি টাকা নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েন। এ সময় কাজল এলাকায় ছিলেন না। ২০০০ সালের ১৪ এপ্রিল কাজল এলাকায় ফিরে আসেন। ওই বছরের ৫ মে স্থানীয় এক লগ্নিকারী কোটচাঁদপুর থানায় একটি মামলা করেন। মামলার পরদিন ৬ মে কাজল লগ্নিকারীদের টাকা ফেরতের জন্য এক বৈঠকে বসেন। কিন্তু টাকা ফেরত না পেয়ে লগ্নিকারীরা ৮ মে কাজল ও তাঁর এজেন্টদের বাড়িঘর এবং সলেমানপুর এলাকার অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৯ মে কাজলকে আটক করে। পরে কারাগারে পাঠানো হলেও একসময় কাজল জামিনে মুক্তি পান।
এ ঘটনা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সিআইডির যশোর অঞ্চলের সহকারী পুলিশ সুপার দুলাল উদ্দিন আকন্দ গোটা ঘটনাটি তদন্ত করে কোটচাঁদপুর থানায় মামলা করেন। এতে ১৪০ জনকে আসামি করা হয়। পরে আরও তদন্ত শেষে পুলিশ ৯৮ জনের নামে অভিযোগপত্র দেয়। এরপর দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গতকাল রায় ঘোষণা করা হলো।

হুন্ডিতে অর্থ বিনিয়োগকারীরা ওই সময় ‘লগ্নিকারীদের টাকা উদ্ধার সংগ্রাম পরিষদ’ নামে একটি কমিটি গঠন করেছিলেন। এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। গতকাল রায়ের পর প্রতিক্রিয়ায় তিনি প্রথম আলোকে বলেন, হুন্ডি কাজলের মাত্র তিন বছরের সাজা হয়েছে এবং তাঁর সহযোগীরা খালাস পেয়ে গেছেন। এ রায়ে তাঁরা খুশি হতে পারেননি। তা ছাড়া লগ্নিকারীদের টাকা ফেরতের কোনো ব্যবস্থাও করা হয়নি।