সেই হেরোইন পাচার মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য রপ্তানির আড়ালে লন্ডনে হেরোইন পাচারের ঘটনায় দায়ের করা একটি মামলায় হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছিলেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ইমান আলী গতকাল সোমবার হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেন বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।আদালত সূত্র জানায়, লন্ডনে পণ্যের আড়ালে ৭৫ কেজি হেরোইন পাচারের ঘটনায় দুটি মামলা হয়। ২১ কেজি হেরোইন পাচারের ঘটনায় ২০০৬ সালের ২১ এপ্রিল মতিঝিল থানায় এবং ৫৪ কেজি হেরোইন পাচারের ঘটনায় ওই বছরের ৬ মে সূত্রাপুর থানায় মামলা হয়। বিডি ফুডস লিমিটেডের চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিনের এক আবেদনে গত ১৯ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই মামলার কার্যক্রম স্থগিতের আদেশ করেন। এই আদেশে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি নিয়ে গতকাল চেম্বার বিচারপতি আগামী ১৯ জুলাই পর্যন্ত হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেন।সূত্র জানায়, ২১ কেজি হেরোইন পাচারের ঘটনায় করা অপর মামলার কার্যক্রমে ১ ফেব্রুয়ারি স্থগিতাদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ৯ মার্চ চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেন। ফলে এখন মামলার কার্যক্রম চলতে বাধা নেই।