সেই ১১ আসামির জামিন বাতিল, তদন্ত প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় চুরির অভিযোগ এনে হাত-পা বেঁধে দুজনকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় করা মামলায় ১১ আসামির জামিনের আদেশ বাতিল করা হয়েছে। রংপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত গত সোমবার সন্ধ্যায় ওই জামিন আদেশ বাতিল করেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে নির্যাতনের ঘটনায় গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হয়। ভুক্তভোগীরা তা প্রত্যাখ্যান করেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই মামলার বাদী আবদুল গফুর গত রোববার বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, আসামিরা জামিন পেয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে তিনি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালত সোমবার শুনানি শেষে আসামিদের জামিনের আদেশ বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসামিরা হলেন সোহাগ হোসেন, ছিদ্দিকুল ইসলাম, মোশারফ হোসেন, আবদুল মজিদ, মতিকুল ইসলাম, হামিদুল ইসলাম, নজরুল ইসলাম এবং গ্রাম পুলিশের চার সদস্য যথাক্রমে শাফি মিয়া, মোশাররফ হোসেন, আবদুল মান্নান ও আবদুর রহিম।
গ্রাম পুলিশের সদস্য আবদুল মান্নান ও আবদুর রহিম গত শুক্রবার গ্রেপ্তার হন এবং ওই দিন সন্ধ্যায় আদালত থেকে জামিন পান। রোববার ওই মামলার নয়জন আসামি রংপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদেরও জামিন দেন।
পুলিশ ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, উপজেলার বৈরামপুর গফুরেরপাড়া গ্রামের আমজাদ হোসেন (৩৫) কোরবানির উদ্দেশ্যে স্থানীয় কাঁচাবাড়ী মৌলভীপাড়া গ্রামের ছহিরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে একটি গরু কেনেন। ১৩ অক্টোবর কালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হকের নির্দেশে গ্রাম পুলিশের চারজন সদস্য গরু কেনার বৈধ কাগজপত্র না পেয়ে আমজাদ ও ছহিরুলকে আটক করেন। এরপর তাঁদের কোমরে রশি বেঁধে পেটাতে পেটাতে এলাকায় ঘোরানো হয়। পরে তাঁদের স্থানীয় বৈরামপুর উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে হাত-পা বেঁধে মাটিতে ফেলে শত শত মানুষের সামনে প্রায় চার ঘণ্টা বেধড়ক লাঠিপেটা করা হয়। এ সময় আমজাদের তিন মেয়ে বাবাকে পেটাতে দেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। পরে দুজনকে পুলিশে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। সোমবার আমজাদ ও ছহিরুল জামিনে মুক্তি পান।
নির্যাতনের ঘটনায় আমজাদের বাবা আবদুল গফুর বাদী হয়ে ১৭ অক্টোবর বদরগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান শহিদুলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। এত দিনেও শহিদুল গ্রেপ্তার হননি।
এদিকে জেলা প্রশাসকের নির্দেশে এক সদস্যের তদন্ত কমিটি গতকাল ঘটনার তদন্ত করে। কমিটির সদস্য স্থানীয় সরকার রংপুরের উপপরিচালক এরশাদুল হক গতকাল দুপুরে বৈরামপুর স্কুলমাঠে তদন্ত করেন।
আবদুল গফুরের অভিযোগ, তদন্তের খবর পেয়ে চেয়ারম্যানের পাঁচ শতাধিক সমর্থক বৈরামপুর স্কুলমাঠে গতকাল সকালেই সমবেত হন। তদন্ত কমিটি স্কুলমাঠে যাওয়া মাত্র তাঁরা ইউপি চেয়ারম্যানের সমর্থনে স্লোগান দেন। একপর্যায়ে তদন্ত কমিটি চেয়ারম্যানের লোকজনের কাছ থেকে আমজাদ ও ছহিরুল চোর কি না, এ বিষয়ে প্রথমে সাক্ষ্য নেয়। এরপর এলাকার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি আমজাদ ও ছহিরুলের ওপর ওই দিন চেয়ারম্যান ও তাঁর সমর্থকদের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বর্ণনা শুরু করলে চেয়ারম্যানের সমর্থকেরা হুমকি দেন।
আবদুল গফুর বলেন, ‘তদন্ত কমিটি আমার কাছে ওই দিনের ঘটনার বিষয়ে জানতে চাইলে জীবনের নিরাপত্তার ভয়ে প্রকাশ্যে আমিও কথা বলতে রাজি হইনি। আমার ছেলে চোর নয়। তার পরও তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সে চোর কি না, তা প্রমাণিত হবে আদালতে।’
নির্যাতনের শিকার আমজাদ ও ছহিরুল বলেন, ‘তদন্ত কমিটির তদন্ত করা দেখে মনে হয়েছে, চেয়ারম্যানকে রক্ষা করার জন্যই তদন্ত করেছে। তাই আমরা কমিটির ওই তদন্ত প্রত্যাখ্যান করছি।’
স্থানীয় সরকার রংপুরের উপপরিচালক এরশাদুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে সাংবাদিকদের সামনে কোনো কথা বলতে চাই না। তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করব।’