সেই ১২ পরীক্ষার্থীর ফল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা ডিগ্রি কলেজে স্নাতক (পাস) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ১২ শিক্ষার্থীর ফল স্থগিত রয়েছে।
ফরম পূরণের সময় তথ্য বিভ্রাটের কারণে ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র না এলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ অনুমতি নিয়ে তাঁরা পরীক্ষা দিয়েছিলেন।
কয়েকজন শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট স্নাতক (পাস) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এর আগে ৯ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ই-মেইলে পরীক্ষার্থীদের প্রবেশপত্র পাঠানো হয়। তখন ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জনের প্রবেশপত্র ছিল না। কলেজের অধ্যক্ষ মো. আবদুল করিম বিষয়টি জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় ওই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অনুমতি দেয়।
তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছিল, ধরমপাশা ডিগ্রি কলেজের ওই ১২ পরীক্ষার্থী ফরম পূরণ করলেও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ তথ্য সঠিকভাবে না লেখায় (ডেটা এন্ট্রি) তাঁদের জন্য প্রবেশপত্র ইস্যু করা যায়নি।
এ বিষয়ে গত বছরের ১৪ আগস্ট প্রথম আলোয় ‘প্রবেশপত্র ছাড়াই পরীক্ষা দিতে হলো ১২ শিক্ষার্থীকে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই পরীক্ষার ফলাফল গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারছেন। তবে ওই ১২ জনের ফল স্থগিত দেখানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা যথারীতি ফরম পূরণ করলেও কলেজের শিক্ষকদের ভুলের কারণে নির্ধারিত সময়ে প্রবেশপত্র পাইনি। এখন ফল প্রকাশ হলেও তা জানতে পারছি না। এর কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ইনকোর্স পরীক্ষার নম্বর না দেওয়ায় পরীক্ষা ফল স্থগিত করা হয়েছে। কলেজের অধ্যক্ষ স্যারকে এ নিয়ে জিজ্ঞাসা করেছি। তিনি কয়েক দিন সময় নিয়েছেন।’
কলেজের অধ্যক্ষ আবদুল করিম প্রথম আলোকে বলেন, ‘ওই ১২ শিক্ষার্থীর ইনকোর্স পরীক্ষার নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোয় তাঁদের ফলাফল স্থগিত রয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সাধারণত চিঠি পাঠানো হয়ে থাকে। আমরা কোনো চিঠি পাইনি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইনকোর্স পরীক্ষার নম্বর পাঠিয়েছি। কলেজে এখনো পরীক্ষার ফলাফলের তালিকা পৌঁছায়নি। কয়েক দিনের মধ্যে ওই ১২ জনের ফল পেয়ে যাব।’