সেই ১৫ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশীনগর সীমান্তে আটক হওয়া ১৫ শিক্ষার্থীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহমেদ তাঁদের জামিন নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, থানা থেকে আসামিদের বিষয়ে প্রতিবেদন পাওয়া সাপেক্ষে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
জামিন না হওয়ায় আটক শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীর বাসিন্দা মেহেদি হাসানের বাবা আব্দুল কুদ্দুস কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার ছেলে বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার সময় আটক হয়। সে কোনো ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত নয়। এমনকি কোনো ধরনের রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত নয়। এই ছেলেগুলো কেন এই হয়রানির শিকার হচ্ছে।’
৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিঙ্গারবিল বিওপি থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে কাশীনগর সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখে বিজিবির টহল দল ১৫ শিক্ষার্থীকে আটক করে। এরপর তাঁদের বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়। গত শুক্রবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠায় পুলিশ। ওই দিন বিকেলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক হওয়া ১৫ জনের মধ্যে ৯ জন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।
ব্রাহ্মণবাড়িয়া বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, তাঁদের ঘোরাফেরা ‘সন্দেহজনক’ মনে হওয়ায় বিজিবির সিঙ্গারবিল বিওপির সদস্যরা তাঁদের আটক করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য বিজয়নগর থানায় তাঁদের পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে তাঁরা তেমন কোনো কিছুর সঙ্গে জড়িত বলে মনে হয়নি। তাঁদের ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। তবে তাঁদের প্রত্যেকের ব্যাপারে যাচাই করা হবে।