সেই ১৮টি সেচ পাম্প চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার ছোট মান্দারতলা গ্রামের বন্ধ থাকা ১৮টি সেচপাম্প নারীদের উদ্যোগে গত সোমবার দুপুরে চালু করা হয়েছে। সেচের অভাবে ৩০০ বিঘা জমির হলদে হয়ে যাওয়া বোরো ধানের চারা অবশেষে পানি পেল। এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আরিফ বলেন, ‘বোরো ফসল বাঁচাতে স্থানীয় সাংসদ পাম্পগুলো চালাতে উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তালেব ও উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার তরফদারকে দায়িত্ব দেন।’ যশোর সরকারি এমএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া ইসলাম বলেন, ‘মা-চাচিরা সকাল থেকে তিনবার সেচপাম্প চালাতে মাঠে যান। সকালে দুইবার আওয়ামী লীগের কর্মী মোশারেফ হোসেনের নেতৃত্বে চার-পাঁচজন বাধা দেন। কিন্তু দুপুর একটার দিকে তৃতীয়বার খেতে গিয়ে পাম্পগুলো চালানো হয়। তখন আর কেউ বাধা দেয়নি।’ সপ্তাহখানেক আগে জমির আইল নিয়ে বিরোধের জের ধরে গ্রামের মিলন নামের এক তরুণকে মারধর করা হয়। এ ঘটনায় তার বাবা মোশারেফ হোসেন বাদী হয়ে শার্শা থানায় বিএনপির সমর্থক ১৭ জনকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ আসামি ধরার অভিযান চালায়। ফলে গ্রামের ৩০টি বাড়ি পুরুষশূন্য হয়ে যায়। এদিকে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা মামলার আসামিদের প্রায় ৩০০ বিঘা বোরো খেতে সেচপাম্প চালাতে দেননি।