সেই ২০ কিশোরের অবস্থার উন্নতি
গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের আহত ২০ কিশোরের চিকিৎসা চলছে। তাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। সরকারি হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে।
সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) আইয়ুব হোসেন গতকাল শনিবার দুপুরে কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আজাহার আলী তাঁর সঙ্গে ছিলেন।
কেন্দ্রের অব্যবস্থাপনা ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের নির্যাতনের প্রতিবাদে ২০ কিশোর গত মঙ্গলবার রাতে ধারালো কিছু দিয়ে নিজেদের ক্ষতবিক্ষত করে। এ ধরনের ঘটনা কেন ঘটল, এ বিষয়ে হাইকোর্টের রুল জারির প্রেক্ষাপটে সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসক পৃথক দুটি কমিটির তদন্ত চলছে। ডিজি আইয়ুব আরও বলেন, ‘এ ঘটনা সত্যিই মর্মান্তিক। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আমরা জানতে পারব, কী কারণে সেদিন তারা এমন ঘটনা ঘটিয়েছিল।’ ইতিমধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এস এম আনোয়ারুল করিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কিশোরদের নির্যাতন করার অভিযোগটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
ডিজি আরও বলেন, কিশোর উন্নয়ন কেন্দ্র জেলখানা নয়। এটি কিশোর অপরাধীদের সংশোধনের কেন্দ্র। এখানে তাদের কর্মমুখী ও সৃজনশীল শিক্ষার মাধ্যমে সংশোধন তথা যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চলে। এখানে তাদের নির্যাতন করা হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হয়।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ওই ২০ কিশোরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের ক্ষত স্থানে আবার ড্রেসিং করা হয়েছে। তাদের অবস্থার উন্নতি হয়েছে।
দেখতে এলেন সমাজকল্যাণমন্ত্রী: অতিরিক্ত জেলা প্রশাসক শাহনেওয়াজ দিলরুবা খান প্রথম আলোকে জানিয়েছেন, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ২০ কিশোরকে দেখতে কেন্দ্রে আসেন। কিশোরদের সব রকম সুযোগসুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।