সেই ২৬ পরীক্ষার্থীর ২৪ জন কৃতকার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এস কে মডেল কারিগরি স্কুলের অকৃতকার্য ২৬ পরীক্ষার্থীর ২৪ জনই কৃতকার্য হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুসন্ধানের পর পুনরায় ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
এস কে মডেল কারিগরি স্কুলের শিক্ষক সূত্র জানায়, এ বছর প্রথমবারের মতো তাঁর স্কুল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল শাখায় পরীক্ষা দেওয়ার জন্য ২৬ জন ফরম পূরণ করে। স্কুল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে ওই ২৬ জনের পরীক্ষার কেন্দ্র নির্ধািরত হয়। পরে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার উপজেলা সদরের রায়গঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। পরীক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে জেলা প্রশাসকের মাধ্যমে ওই ব্যবস্থা করা হয়। তাত্ত্বিক পরীক্ষা ঠিকভাবে নেওয়া হলেও তাদের ব্যবহারিক পরীক্ষা নিয়ে দুই কেন্দ্রসচিবের মধ্যে শুরু হয় রশি টানাটানি। রায়গঞ্জ কেন্দ্রে তাদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়৷ কিন্তু সলঙ্গা কেন্দ্রে তাদের অনুপস্থিত দেখানো হয়। ফলে গত ১৭ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২৬ জনই অকৃতকার্য হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা শুরু হয়। স্কুল থেকে দুই কেন্দ্রসচিব ও কারিগরি শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হয়। পরে কারিগরি শিক্ষা বোর্ড বিষয়টি অনুসন্ধান করে ১৭ জুন পুনরায় ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, ১৫ জন এ গ্রেড, সাতজন বি গ্রেড ও দুজন সি গ্রেড পেয়েছে।
স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুই কেন্দ্রসচিবের টানাটানিতে একটি মাস আমরা প্রতিষ্ঠান নিয়ে হুমকিতে ছিলাম।’
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ প্রথম আলোকে জানান, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।
৬ জুন দৈনিক প্রথম আলোর বিশাল বাংলায় ‘দুই কেন্দ্রসচিবের টানাটানিতে ২৬ পরীক্ষার্থী অকৃতকার্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।