সেই ৫ আসামির জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী থানার একটি অস্ত্র মামলায় তথ্য গোপন করে হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত পাঁচ আসামির জামিন বাতিল করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে হাইকোর্টে হাজির করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে। ১২ নভেম্বর হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।আসামিরা হলেন: আবদুল জলিল, আবদুল জব্বার, নওশাদ আলী, শহীদুল ইসলাম ও আবদুস সবুর দীপু।ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল-মামুন গতকাল বৃহস্পতিবার বলেন, ৮ নভেম্বর প্রথম আলোয় ‘তথ্য গোপন করে হাইকোর্ট থেকে পাঁচ আসামির জামিন’ শিরোনামে একটি খবর ছাপা হয়। এর পরই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী শ ম রেজাউল করিম জানান, এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে আদালতের নজরে আনায় বিচারপতিদ্বয় প্রথম আলোর ভূয়সী প্রশংসা করেছেন।প্রসঙ্গত, ঢাকা মহানগর দায়রা জজ আদালতে গত ১৭ অক্টোবর পাঁচ আসামির জামিনের আবেদন করা হয়। তা ৬ নভেম্বর ওই আদালতে জামিনের আবেদনের নথি উপস্থাপন করা হয়। বিচারক জহুরুল হক ওই দিন কাগজপত্র পর্যালোচনা করে দেখেন, আসামিরা ২১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। আদালত তখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারি কৌঁসুলিদের নির্দেশ দেন।রাজধানীর ওয়ারী থানার শশী মোহন বসাক লেনের দিলীপ মাঠ থেকে ডাকাতির প্রস্তুতির সময় গত ২১ সেপ্টেম্বর আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) কাজী জসিম উদ্দিন অস্ত্র আইনে একটি মামলা করেন। গত ২৭ সেপ্টেম্বর মহানগর হাকিম রেজাউল করিম আসামিদের জামিনের আবেদন নাকচ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। এ মামলায় গত ২৩ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।