সেই ৬৬ পরীক্ষার্থী এখনো উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের প্রশ্নপত্রে ২০১৩ সালের এইচএসসির পরিসংখ্যান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) পরীক্ষায় অংশ নেওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের তিনটি কলেজের ৬৬ জন পরীক্ষার্থী এখনো উদ্বিগ্ন। ১ জুন তাদের এইচএসসি পরীক্ষা শেষ হলেও ওই বিষয়ের পরীক্ষা দিতে হবে কি না—এ নিয়ে দোলাচলে রয়েছে ভুক্তভোগী পরীক্ষার্থীরা। ওই কারণে বোর্ড এই পরীক্ষার্থীদের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকদের কাছে বিলি করছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছে কুমিল্লা শিক্ষা বোর্ড। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে এইচএসসির পরিসংখ্যান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) পরীক্ষা হয়। এতে ৬৬ জন পরীক্ষার্থীকে ২০১১ সালের ‘ক’ সেট প্রশ্ন দেওয়া হয়। ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় কুমিল্লা কমার্স কলেজ, কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয় ও কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু বোর্ডের অধিভুক্ত অন্য ১৬২টি পরীক্ষাকেন্দ্রে ২০১৩ সালের ‘খ’ সেট প্রশ্নপত্রে পরীক্ষা হয়। এ ঘটনায় ওই দিনই কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ৬ মে বোর্ডের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে নতুন করে ৬৬ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া এবং সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা পরিচালনা কমিটিকে পাঁচ বছরের জন্য বোর্ডের পরীক্ষা কার্যক্রম থেকে বিরত রাখার সুপারিশ করে। পরে তদন্ত কমিটির ওই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এদিকে গত ৮ মে আন্তবোর্ড চেয়ারম্যানদের ৪৫৬তম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। ১৮ মে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা কমিটির এক সভা কুমিল্লা বোর্ডে অনুষ্ঠিত হয়। উভয় সভায় উপস্থিত সদস্যরা ৬৬ জন পরীক্ষার্থীর বিষয়ে মতামত দেন। তাঁরা বলেন, দ্বিতীয়বার পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলা যাবে না। ভুল করে অন্য প্রশ্নপত্র বিতরণের জন্য পরীক্ষার্থীরা দায়ী নয়। এ অবস্থায় বোর্ডের টেব্যুলেশন নীতিমালা অনুযায়ী, ওই ৬৬ পরীক্ষার্থীকে পরিসংখ্যান প্রথম পত্রের (তত্ত্বীয়) প্রাপ্ত নম্বরের সঙ্গে পাঁচ নম্বর যুক্ত করে দেওয়ার জন্য মতামত দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন, উভয় কমিটির মতামত ও সুপারিশ পাঠানো হয়।  ভুক্তভোগী একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলে, ‘সবাই পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছে। আমরা উৎকণ্ঠায় রয়েছি, নতুন করে পরীক্ষা দিতে হবে কি না, তা নিয়ে। দ্রুত বিষয়টির সুরাহা হওয়া দরকার।’ তদন্ত কমিটির প্রধান ও বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘আমরা তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছি। পরে আন্তবোর্ডের চেয়ারম্যানদের বৈঠক ও পরীক্ষা কমিটির বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে নতুন করে পরীক্ষা না নেওয়ার বিষয়ে মত দেওয়া হয়। এখন মন্ত্রণালয় সিদ্ধান্তের অপেক্ষায়।’

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাসেম মিয়া বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। তারা শিগগিরই বিষয়টি জানাবে বলে নিশ্চিত করেছে।’