সেই ৭৬ শ্রমিক নিয়ে বেকায়দায় মিল্ক ভিটা, নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ও মানবিক দিক বিবেচনা করে মিল্ক ভিটায় নিয়োগ বাতিল হওয়া ৭৬ জন শ্রমিক-কর্মচারীকে পুনর্বহালের সুপারিশ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সুপারিশে তিনি এও বলেছেন, প্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে যাঁরা এই নিয়োগ নিয়ে অনিয়ম করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।গত ২০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এই সুপারিশ করেন ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী।মিল্ক ভিটার সার্বিক অবস্থা পর্যালোচনা করতে গত ১৮ ফেব্রুয়ারি সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয় চারটি সিদ্ধান্ত নেয়। এর মধ্যে অন্যতম ছিল—দুদকে মামলা চলমান থাকায় অবৈধভাবে নিয়োগ হওয়া ৭৬ শ্রমিক-কর্মচারীর বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ৯ জানুয়ারি ৭৬ জন শ্রমিক-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেন মিল্ক ভিটার পরিচালনাকারী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাসিব খান। সে কারণে ১৪ জানুয়ারি এই নিয়োগ বাতিল করে মন্ত্রণালয় তাঁদের বেতন-ভাতা পরিশোধ না করারও নির্দেশ দেয়।এই শ্রমিক-কর্মচারীর নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে মামলা করতে সমবায় মন্ত্রণালয় দুদককে চিঠিও দিয়েছিল। নিয়োগ হওয়া ৭৬ জনের মধ্যে সিবিএ সভাপতি জাহাঙ্গীর আলম মজনুর ছেলে শাহীনুর রহমানও আছেন।ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী গত রাতে প্রথম আলোকে বলেন, ‘এঁদের পুনর্বহালের দাবিতে মিল্ক ভিটার প্রধান কার্যালয়সহ বাঘাবাড়ি ও ঢাকা দুগ্ধ কারখানায় কয়েক দফা উৎপাদন বন্ধ করে দেন উচ্ছৃঙ্খল শ্রমিকেরা। এখনো কয়েকটি কারখানায় উত্তেজনা চলছে। এ অবস্থায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সুপারিশ করতে হয়েছে।’এই ৭৬ জনকে পুনর্বহালের সুপারিশ করার পর জাতীয় শ্রমিক লীগও তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত ৮৪ জন শ্রমিক-কর্মচারীর পুনর্বহালের দাবি তুলেছে। সংগঠনটি এই দাবিতে গত ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও গত ৩০ মার্চ সমবায়মন্ত্রী ও সচিবের কাছে আবেদন করে। মিল্ক ভিটার শ্রমিক-কর্মচারীরা মূলত পাবনা-সিরাজগঞ্জ ও এর বাইরের অঞ্চল—এই দুই ভাগ বিভক্ত। পাবনা-সিরাজগঞ্জের বাইরে দেশের বাকি অংশের শ্রমিক-কর্মচারীরা প্রতিষ্ঠানে নিজেদের সংখ্যালঘু বলে দাবি করেন। এই ৭৬ জন নিয়োগ পেলে এই ভারসাম্য আরও নষ্ট হবে দাবি করে এই নেতারা জানান, তাঁদের দাবি করা ৮৪ জনকে যদি এই সঙ্গে নিয়োগ দেওয়া হয়, তা হলে কর্মীদের মধ্যে কিছুটা ভারসাম্য আসবে।