সেই ‘ঐক্য’ বছর ঘুরতেই রূপ নিল অনৈক্যে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুতে সিলেটে বিবদমান বিএনপির দুটি পক্ষ ঐক্যবদ্ধ হয়ে শোকসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও এক বছরের মাথায় প্রথম মৃত্যুবার্ষিকী পালনে প্রকাশ্যে বিভাজন দেখা দিয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগের দিন গত শনিবার বিকেলে বিবদমান দুটি পক্ষ পৃথক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। দুপক্ষই নিজেদের ‘মূলধারা’ বলে দাবি করছে।দলীয় সূত্র জানায়, গত বছরের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর মৃত্যুতে সিলেটে বিএনপির দুটো পক্ষ ‘ঐক্যবদ্ধ’ হয়ে শোক কর্মসূচি পালন করে। গত বছরের ১৩ সেপ্টেম্বর দুপক্ষ ঐক্যবদ্ধভাবে শোকসভা করে সিলেটে বিএনপির ‘ঐক্য’ ঘোষণা করে। এম সাইফুর রহমানের জীবদ্দশায় সিলেট বিএনপিতে তাঁর বিরোধীপক্ষ হিসেবে পরিচিত ছিলেন এম ইলিয়াস আলীর অনুসারী নেতা-কর্মীরা। জেলা ও মহানগর বিএনপির ব্যানারে এ পক্ষ শনিবার বিকেলে নগরের ইউনাইটেড সেন্টারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী।অন্যদিকে একই সময়ে সাইফুর অনুসারী হিসেবে পরিচিত জেলা ও মহানগর বিএনপির ব্যানারে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয় নগরের মালঞ্চ কমিউনিটি সেন্টারে। ওখানে প্রয়াত নেতার ছেলে নাসের রহমানসহ মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কাহের উপস্থিত ছিলেন।এদিকে গতকাল রোববার এম সাইফুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রথম আলোর সঙ্গে আলাপকালে দলের একাধিক নেতা-কর্মী ও সমর্থক জানিয়েছেন, যাঁর মৃত্যুতে দলে ঐক্য দেখা দিয়েছিল, বছর পেরুতে না পেরুতেই তাঁর মৃত্যুবার্ষিকী পালনে প্রকাশ্য বিভাজনে দলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গাফফার বলেন, ‘শাহরিয়ার হোসেন চৌধুরীর পক্ষ (সাইফুর অনুসারী মহানগর বিএনপির আহ্বায়ক) মুখ রক্ষার্থে নামমাত্র একটি কর্মসূচি পালন করেছে। কর্মী ধরে রাখার উদ্দেশ্যে রাতারাতি এ কর্মসূচি নেওয়া অনেকটা হাস্যকর।’ তিনি দাবি করেন, তাঁরা যেটা করছেন সেটাই বিএনপির মূলধারা।নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নোমান মাহমুদ বলেন, ‘গঠনতান্ত্রিকভাবে আহ্বায়ক কমিটির সব সদস্যের অনুমতি নিয়ে কোনো সভা করা উচিত। কিন্তু মহানগরের আহ্বায়ক সেটা করেননি। তাই মহানগর কমিটির অনেকে মিলে জেলা কমিটির সঙ্গে একত্রে সভা আহ্বান করেছি। ওই পক্ষটি সরকারি দলের মদদে চলছে। তার পরও বলব জাতীয় ও দলীয় স্বার্থে কোনো মতভেদ থাকা ঠিক নয়। আশা করি অচিরেই কোন্দলের অবসান হবে।’নগর বিএনপির আহ্বায়ক শাহারিয়ার হোসেন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি। তাঁর পক্ষে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান বলেন, ‘মহানগর বিএনপির একটি সাংগঠনিক কাঠামো রয়েছে। সংগঠনের আহ্বায়ক সভা আহ্বান করবেন। কিন্তু তা না করে মহানগর কমিটির গুটিকয়েক ব্যক্তি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে যে সভা করেছেন তা ঠিক নয়। বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এ সভা ডাকা হয়েছে। এটি নিতান্তই তাঁদের ব্যক্তিগত বিষয়, দলীয় নয়। আমাদের অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রীর পরিবারের সদস্য ও চারদলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। এ হিসেবে আমাদের অনুষ্ঠানটাই হবে মূলধারার।’