সেই ‘ক্যাপ্টেন’-এর সনদ ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্যাপ্টেন’ পদবি ব্যবহার করে জাহাজে কনটেইনার বোঝাইয়ের পরিকল্পনায় (বে-প্লান) সই করেছিলেন জাহাজ কোম্পানির কর্মকর্তা তানভীর মোহাম্মদ নাফিউল হোসাইন। তবে সমুদ্র পরিবহন অধিদপ্তরের তদন্তে প্রমাণিত হয়েছে, তাঁর সনদের মান অনুযায়ী ‘ক্যাপ্টেন’ পদবি ব্যবহার সঠিক ছিল না।যোগ্যতা ছাড়াই জাহাজে কনটেইনার বোঝাইয়ের পরিকল্পনায় সই করায় তানভীরের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনে নৌ-বাণিজ্য অধিদপ্তর। এই বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘সনদ ছাড়াই ক্যাপ্টেন!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এই অভিযোগের পর সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান পরীক্ষক (ইঞ্জিনিয়ারিং) মো. শফিকুল ইসলামকে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করা হয়। ১২ মার্চ কমিটি প্রতিবেদন জমা দেয়।তদন্ত কমিটির প্রধান মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।তদন্ত প্রতিবেদনে বলা হয়, তানভীর পুরো নাম ব্যবহার না করে ‘তানভীর হোসাইন’ এবং নামের নিচে মাস্টার মেরিনার শব্দগুলো ব্যবহার করেছেন। আবার বে-প্লানে সই করার সময় তাঁর নামের আগে ‘ক্যাপ্টেন’ কথাটি ব্যবহার করেছেন। সনদের মান অনুযায়ী এটি সঠিক ছিল না। মাস্টার মেরিনার সনদধারী হলে ক্যাপ্টেন পদবি ব্যবহার করা যায়, যা তানভীরের নেই।