সেই 'ক্রস' এখন 'জিপিএ-৫'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ে ক্রস চিহ্ন পাওয়া ১৫ জন পরীক্ষার্থী ফলাফল সংশোধনীর পর ‘এ’ প্লাস পেয়েছে। গত বুধবার রাতে রাজশাহী শিক্ষা বোর্ড ফলাফল পরীক্ষা করে ওই পরীক্ষার্থীদের সংশোধনী ফলাফল অনলাইনে প্রকাশ করেছে। বগুড়ার দুপচাঁচিয়া মর্তুজাপুর উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই ১৫ শিক্ষার্থীর ফলাফল বিভ্রাট ঘটেছিল।
এর আগে পরীক্ষার ফলাফলে এসব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষার নম্বর দেওয়া ছিল না। কেন্দ্রসচিব ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে পাঠাতে গিয়ে অসতর্কতাবশত ওই শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ের পরীক্ষার নম্বরের ঘর ফাঁকা থাকায় ফলাফলে রসায়ন বিষয়ে ‘ক্রস’ চিহ্ন আসে। ১১ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এ অবস্থা দেখা যায়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই সব শিক্ষার্থীর ফলাফল নিরীক্ষণের জন্য ১৫ মে শিক্ষা বোর্ডে আবেদন করে। এ বিষয়ে প্রথম আলোতে ১৫ মে বিশাল বাংলায় ‘এক বিষয়ে ক্রস চিহ্ন, বিভ্রান্তি’ সংবাদটি প্রকাশিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, তাঁর বিদ্যালয় থেকে এবার ২৩ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেয়। দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ছিল। পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় ১৫ জন শিক্ষার্থীর রসায়ন বিষয়ে ক্রস চিহ্ন রয়েছে। ফলাফলের ঘরে তাদের ‘এফ’ (ফেল) চিহ্ন দেখানো হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করলে কেন্দ্র থেকে উপস্থিতিপত্র ও ব্যবহারিক পরীক্ষার নম্বর ফর্দ জমা দিতে বলা হয়। সে অনুযায়ী ১৫ মে তিনি শিক্ষা বোর্ডে ১৫ জন পরীক্ষার্থীর অনলাইনের ফলাফলসহ ওই সব কাগজপত্র জমা দেন। বোর্ড কম্পিউটারে ফলাফল বিশ্লেষণ করে ত্রুটির কথা জানান। পরে ১৮ মে রাতে ১৫ জন পরীক্ষার্থীর সংশোধনী ফল প্রকাশ করা হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, কেন্দ্র থেকে অনলাইনে ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানোর ক্ষেত্রে ত্রুটির কারণে ওই বিষয়ে ক্রস চিহ্ন হয়েছে। ফলাফল পুনর্নিরীক্ষা করে সংশোধনী ফল প্রকাশ করা হয়।