সেই ‘গৌরী সেন’রা এবার নেই
প্রার্থীদের নির্বাচনী ব্যয় জোগাবে কারা? এমন প্রশ্নের উত্তরে সব প্রার্থীর প্রায় অভিন্ন জবাব ছিল, প্রবাসী আত্মীয়রা। গত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট অঞ্চলের অধিকাংশ প্রার্থীর নির্বাচনী ব্যয় পূরণে প্রবাসীদের কথা উল্লেখ করার প্রবণতাকে সেই প্রবাদ বাক্য ‘লাগবে টাকা, দেবে গৌরী সেন’-এর সঙ্গে তুলনা করা হয়েছিল। এবার পৌরসভা নির্বাচনে সেই ‘গৌরী সেন’রা আর নেই।প্রবাসী-অধ্যুষিত সিলেট অঞ্চলের পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ে আর প্রবাসী আত্মীয়দের কথা উল্লেখ নেই। নির্বাচন কমিশনে দেওয়া তথ্যে প্রার্থীরা নিজেদের আয়ের উৎস থেকে এ ব্যয় মেটাবেন বলে উল্লেখ করেছেন। এ অবস্থাকে ইতিবাচকভাবে দেখছেন নির্বাচন কর্মকর্তারা।সিলেটের ভারপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার মো. সামসুল আলম প্রথম আলোকে বলেন, প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের উৎস জানতে চাওয়ার বিষয়টি আগে ছিল এক ধরনের রুটিন ওয়ার্ক। এখন আইনের প্রয়োগ এবং আইন মেনে নেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের সচেতনতায় এমন হয়েছে। জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচনে ‘গৌরী সেন’ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি দেশে-বিদেশে সাড়া ফেলে দেয়। সে ক্ষেত্রে প্রবাসীরাও টাকা-পয়সা দিয়ে নিজ নিজ প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতেন। তবে এবার স্থানীয় নির্বাচন হওয়ায় এমনটা হচ্ছে না বলে মনে হচ্ছে।সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনে প্রবাসীরা খরচ দেন—এ বিষয়টি এত দিন তথ্য-উপাত্তের বাইরে ছিল। নির্বাচনী আইন সংস্কারের ফলে বিষয়টি প্রকাশ করার বাধ্যবাধকতা থেকে বিগত জাতীয় নির্বাচনে প্রথম আলোয় প্রকাশিত একাধিক প্রতিবেদনে তা উন্মোচিত হয়েছে; গোপন থাকছে না। সম্ভবত এ ধারণা থেকেই ‘গৌরী সেন’রা এবার ধরাছোঁয়ার মধ্যে নেই।সিলেটের উপনির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট; সুনামগঞ্জের ছাতক, সুনামগঞ্জ, দিরাই ও জগন্নাথপুর; মৌলভীবাজারের বড়লেখা, মৌলভীবাজার, কমলগঞ্জ, কুলাউড়া ও শ্রীমঙ্গল; হবিগঞ্জের নবীগঞ্জ, হবিগঞ্জ সদর, মাধবপুর ও চুনারুঘাট পৌরসভায় এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৬ হাজার একজন।সিলেট বিভাগের মধ্যে প্রবাসী বেশি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায়। জকিগঞ্জ, ছাতক ও কানাইঘাট পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বসবাসকারী প্রবাসীরা রয়েছেন। তবে প্রবাসীদের মধ্যে প্রার্থী হয়েছেন শুধু জগন্নাথপুর পৌরসভায়। জকিগঞ্জ, কানাইঘাট ও ছাতকে মেয়র বা কাউন্সিলর পদে কোনো প্রবাসী প্রার্থী নেই। জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে আট প্রার্থীর মধ্যে সাতজনই ব্রিটেনপ্রবাসী। মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় উল্লেখ করা তথ্যে নির্বাচনী ব্যয় নিজ উৎস থেকে পূরণ করবেন বলে তাঁরা উল্লেখ করেছেন। কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্যে সেই ‘গৌরী সেন’প্রবণতা আর দেখা যায়নি।