সেই 'বদমাশ' ছাত্রনেতারা ফের তৎপর, শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদনমোহন কলেজে স্নাতক সম্মানে (অনার্স) ভর্তি কার্যক্রম সামনে রেখে আবার তৎপর হয়ে উঠেছেন ‘বদমাশ’ ছাত্রনেতারা। গত রোববার এক শিক্ষকের হাত থেকে ভর্তিসংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রলীগ ও ছাত্রদলের কয়েকজন নেতা। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার কলেজের শিক্ষকেরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
মদনমোহন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ২৪ সেপ্টেম্বর তিনি সংবাদ সম্মেলন করে কলেজে ছাত্রনেতাদের ভর্তি-বাণিজ্যে প্রায় ৭০ লাখ টাকা লুটপাট হওয়ার তথ্য প্রকাশ করেন। এ সময় তিনি ছাত্রনেতাদের ‘বদমাশ’ বলে মন্তব্য করেন। এর পর থেকে কলেজের ভর্তিসংক্রান্ত যাবতীয় লেনদেন অনলাইনের মাধ্যমে শুরু হয়।
কলেজ সূত্র জানায়, সম্মান কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি শুরু হলে ছাত্রনেতারাও তৎপর হয়ে ওঠেন। রোববার শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের একটি বৈঠক হয়। বৈঠক চলাকালে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি অরুণ দেবনাথ ও ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ শিক্ষক মিলনায়তনে প্রবেশ করেন। তাঁদের বাধা দিলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপকের হাতে থাকা ভর্তির কিছু কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রলীগ ও ছাত্রদলের ওই দুই নেতা।
এ সময় অন্য শিক্ষকদের বাধার মুখে তাঁরা মিলনায়তন ছেড়ে চলে যান। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে শিক্ষক ও কর্মকর্তারা সম্মিলিতভাবে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন। কলেজের অধ্যক্ষ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি স্থগিত করেন।
যোগাযোগ করলে কর্মবিরতি পালন করার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ প্রথম আলোকে বলেন, ভর্তিসংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকারী ছাত্রনেতাদের চিহ্নিত করে শাস্তির আশ্বাস দেওয়া হয়। এরপর কর্মবিরতি স্থগিত করা হয়। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে কাজী মেরাজ বলেন, ‘আমরা শিক্ষক মিলনায়তনে কিছু অভিযোগ করার জন্য প্রবেশ করেছিলাম। এর বাইরে কারও সঙ্গে কিছু ঘটেনি।’ অরুণ দেবনাথের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি।