পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের গৃহবধূ বিউটি বেগম (২৪) হত্যা মামলার আসামি কথিত ‘ভণ্ড পীর’ এখনো গ্রেপ্তার হননি। অভিযোগ উঠেছে, আবদুস সালাম হাওলাদার (৫৫) নামের ওই পীর এবং তাঁর সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী পক্ষকে চাপ দিচ্ছেন। তাঁরা নিহত বিউটির দুই মেয়েকে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন।গৃহবধূ বিউটিকে ১৬ জুন দিবাগত রাতে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, আবদুস সালামের প্ররোচনায় স্বামী আবুল বাশার খান গৃহবধূ বিউটিকে জবাই করেন। আবদুস সালামের বাড়ি জেলার গলাচিপা উপজেলার টেঙ্গাতলা গ্রামে।হত্যাকাণ্ডের পর দিন বাউফল থানায় নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ওই পীরসহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে মামলা করা হয়। নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়িসহ এ মামলার চার আসামি বর্তমানে জেলহাজতে। বাউফল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুস ছালাম মোল্লা জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে কথিত ওই পীরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।