সেই ‘ভিসি’র কারাদণ্ড
রাজশাহীর বাগমারার সেই কথিত বিশ্ববিদ্যালয়ের স্বঘোষিত উপাচার্য (ভিসি) রফিকুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তাকে হুমকি, অবৈধ বিশ্ববিদ্যালয়ের নামে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার রাতে তাঁকে কারাদণ্ড দেন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কথিত অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি দাবিদার মাওলানা রফিকুল ইসলাম বাগমারা ইউএনওর দপ্তরে আসেন। একপর্যায়ে তিনি ইউএনওর ওপর চড়াও হন এবং দপ্তরের কর্মকর্তাদের হুমকি ও অশ্লীল ভাষায় গালাগাল করেন। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। পরে রাতে ইউএনওর দপ্তরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সরকারি কাজে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন ও বিশ্ববিদ্যালয়ের নামে প্রতারণার অভিযোগে ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ-অর রশিদ জানান, ২০০৮ সালে বাগমারা থানার এক পুলিশ কর্মকর্তাকে মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের দায়ে তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়।