সেই ‘হাতি’ নিয়ে বিপাকে বন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধলাইছড়া সংরক্ষিত বনে গাছ পাচারের কাজে ব্যবহূত আটক হওয়া সেই হাতিকে নিয়ে বন বিভাগ বিপাকে পড়েছে। হাতিটির মালিকানা এখনো নিশ্চিত হয়নি। বন্য প্রাণীটি নিরাপদ স্থানে নিয়ে যেতে বন বিভাগের স্থানীয় কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি চিঠি দিয়েছেন।বন বিভাগ সূত্র জানায়, দুর্বৃত্তরা গত ১৬ অক্টোবর ভোরে ধলাইছড়া সংরক্ষিত বন থেকে একটি গর্জনগাছ কেটে অন্যত্র পাচার করতে হাতিটি ব্যবহার করে। তারা হাতির পায়ে লোহার শিকল পরিয়ে এর সঙ্গে গাছটি বেঁধে দেয়। হাতিটি গাছটিকে টেনে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বন বিভাগের লোকজন অভিযান চালিয়ে কাটা গাছসহ হাতিটি আটক করে। টের পেয়ে বনদস্যুরা সটকে পড়ে। এ ঘটনায় ওই দিনই মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে বন আইনে একটি মামলা হয়। মালিকানা নিশ্চিত না হওয়ায় আদালত এক মাসের জন্য হাতিটি বন বিভাগের জিম্মায় রাখার নির্দেশ দেন।সূত্র জানায়, হাতিটি জুড়ী-১ রেঞ্জের রাঘনা বিট কার্যালয়ের তত্ত্বাবধানে রাখা হয়েছে। দৈনিক মজুরির ভিত্তিতে স্থানীয় দুই ব্যক্তি বন্য প্রাণীটির দেখাশোনা করছেন। এ অবস্থায় হাতিটিকে নিরাপদ স্থানে নিয়ে যেতে রেঞ্জের বন কর্মকর্তা সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বরাবর ১ নভেম্বর একটি চিঠি দিয়েছেন।জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা এ এস এম হারুন বলেন, ‘হাতিটির জন্য প্রতিদিন প্রয়োজনীয় খাবার সংগ্রহ করাটা কষ্টকর হয়ে পড়েছে। হাতিটির মালিকানাও কেউ দাবি করেননি। তাই এটিকে নিরাপদ স্থানে নিয়ে যেতে চিঠি দিয়েছি।’সিলেটের ডিএফও আবুল বাশার মিয়া চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে জানান, হাতিটি কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি চিঠি দিয়েছেন। এ ব্যাপারে এখনো কোনো মতামত পাওয়া যায়নি।