সেকেন্ড হোম কর্মসূচির সুবিধা নিয়েছেন ২৯২৩ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরলিন ওথম্যান l প্রথম আলো
নরলিন ওথম্যান l প্রথম আলো

‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ (এমএম২এইচ) কর্মসূচি বাংলাদেশের নাগরিকদের মালয়েশিয়ায় ব্যবসা করার পথ সুগম করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন ওথম্যান। তিনি বলেন, এ কর্মসূচির আওতায় দুই হাজার ৯২৩ জন বাংলাদেশি সেখানে দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা পেয়েছেন।
এমএম২এইচ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ থেকে মুদ্রা পাচার হচ্ছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নরলিন ওথম্যান এ কথা বলেন। বাংলাদেশের কোনো রাজনীতিক এ সুবিধা নিয়েছেন কি না, প্রশ্ন করলে মুচকি হাসেন তিনি। জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি এবং মিট দ্য প্রেসের আহ্বায়ক কাজী রওনক হোসেন। স্বাগত বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, এমএম২এইচ কর্মসূচির সুবিধাভোগকারী শীর্ষ তিন দেশের মধ্যে চীন ও জাপানের পরেই রয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত এ কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় যাওয়া দুই হাজার ৯২৩ জন বাংলাদেশির অধিকাংশই ব্যবসায়ী। এ বছর আবেদন করেছেন ২৮৫ জন। ২০০৩ সালে এ সুবিধা পান ৩২ বাংলাদেশি।
নরলিন বলেন, এক লাখ ডলার জমা দেওয়ার মাধ্যমে এ সুবিধা পাওয়া যায়। বাংলাদেশিরা বিভিন্ন দেশ থেকে এসে মালয়েশিয়ায় বিনিয়োগ করতে পেরেছেন। বাংলাদেশের মুদ্রানীতি কঠোর হওয়ায় এখানকার নাগরিকদের জন্য বিদেশে ব্যবসার ক্ষেত্রে জটিলতা রয়েছে। সে ক্ষেত্রে এ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ উন্নত বিশ্ব থেকে বাংলাদেশি বংশোদ্ভূত লোকজনের জন্য মালয়েশিয়ায় ব্যবসা করাটা সহজ হয়েছে।
দুই দেশ জনশক্তি রপ্তানিতে অনৈতিক প্রক্রিয়া বন্ধ করতে চায়: মালয়েশিয়ায় বর্তমানে সরকারিভাবে জনশক্তি রপ্তানি হচ্ছে। এর গতি ধীর কেন— জানতে চাইলে নরলিন ওথম্যান বলেন, চাহিদা আর জোগানের ওপর প্রক্রিয়ার গতি নির্ভর করে। বাংলাদেশের শ্রমিকদের নিপীড়িত ও বঞ্চিত এবং প্রতারিত হওয়া রোধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি মালিক-শ্রমিক দুই পক্ষের জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করছে। দুই দেশ জনশক্তি রপ্তানিতে অনৈতিক প্রক্রিয়া বন্ধ করতে চায়। তিনি জানান, বর্তমানে তিন লাখ ২০ হাজার বাংলাদেশি মালয়েশিয়ায় আছেন। এ ছাড়া বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী বিদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার জন্য কাজ করছে কর্তৃপক্ষ।
‘হরতাল মানে থমকে থাকা নয়’: বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকা হরতালে আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, ‘আমি বুঝতে পারি, হরতাল মানেই এখানে জীবন থমকে থাকা নয়। হরতালের দিনে আমি এখানে এসেছি। যানজট কম থাকায় খুব সহজে এবং একটু আগেভাগেই এখানে পৌঁছাতে পেরেছি।’ হরতাল বিনিয়োগে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশের ক্ষেত্রে এটি শুধু একমাত্র নয়, অন্যতম কারণ। পর্যাপ্ত অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মতো বিষয়গুলোর ওপর বেশি নজর থাকে বিনিয়োগকারীদের।