একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ’৭১সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। একই সঙ্গে তারা দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে রায় কার্যকর করার দাবি জানিয়েছে।
গতকাল বুধবার রায়ের পর পৃথক বিবৃতিতে সংগঠনগুলো সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত অন্যদের বিচার প্রক্রিয়ায়ও দ্রুত সম্পন্ন করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা।
সেক্টর কমান্ডারস ফোরামের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এই রায়ের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মার প্রতি সম্মান দেখানো হয়েছে এবং বিলম্বে হলেও সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। ফোরাম মনে করে, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে জাতির স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল এবং গণহত্যা, নারী নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ করেছিল, দলমত-নির্বিশেষে তাদের সবাইকে বিচারের সম্মুখীন করা সংগত।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বিবৃতিতে বলেছেন, এই রায় ন্যায়বিচারের সঙ্গে সংগতিপূর্ণ। দেশবাসী এ রায়ে সন্তুষ্ট হলেও শেষ পর্যন্ত এই রায় কার্যকর হবে কি না, নানা কারণে তা নিয়ে সংশয় রয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে বলেছেন, নিজামীর মৃত্যুদণ্ডের রায়ে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তাঁরা যুদ্ধাপরাধী দল জামায়াতকে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণসংস্কৃতি ফ্রন্ট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ যুব মৈত্রী রায়ে সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।