সেক্টর কমান্ডারস ফোরামের নতুন চেয়ারম্যান সফিউল্লাহ
সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে এ কে খন্দকারের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। একই সঙ্গে কে এম সফিউল্লাহকে ফোরামের নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
গতকাল শুক্রবার সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভায় এ কে খন্দকারের পদত্যাগপত্র গ্রহণ ও নতুন চেয়ারম্যান নির্বাচনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকারের লেখা বই ১৯৭১: ভিতরে বাইরে নিয়ে বিতর্ক ও সমালোচনা শুরু হলে গত বুধবার এ কে খন্দকার সেক্টর কমান্ডারস ফোরামের সব পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দেন।
গতকালের সভায় সভাপতিত্ব করেন ফোরামের ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী। বক্তব্য দেন কে এম সফিউল্লাহ, সামসুল আলম, সারওয়ার আলী, হারুন হাবীব প্রমুখ।
ফোরামের বৈঠকের সিদ্ধান্তে বলা হয়, সভা মনে করে, এ কে খন্দকার তাঁর বইয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলকভাবে বাংলাদেশের স্বাধীনতার সর্বজনগ্রাহ্য রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে অসত্য বক্তব্য দিয়েছেন। ফোরামের নেতাদের যৌথ আহ্বান সত্ত্বেও তিনি বইটির তথ্যগত ত্রুটি ও বিভ্রান্তিগুলো সংশোধন করার প্রয়োজন বোধ করেননি।
সভায় বিস্তারিত আলোচনার পর এ কে খন্দকারের পদত্যাগপত্র বিবেচনায় নিয়ে তাঁকে সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যপদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।