আইনানুগ সব মহলের আইনসিদ্ধ গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার বিবৃতি দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১। সংগঠনটি সুস্থ রাজনীতি-ধারা পুনরুদ্ধারের স্বার্থে অবিলম্বে সব সহিংসতার অবসান চায়। একই সঙ্গে প্রতিটি মহলকে গণতান্ত্রিক সহনশীলতা প্রদর্শনের অনুরোধ জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতার ৪৪ বছর পর রাজনীতি হবে দেশের গণমানুষের সমৃদ্ধি, উন্নত ও মানবিক গুণাবলিসমৃদ্ধ এবং জনকল্যাণের লক্ষ্যে নিবেদিত। কোনো আন্দোলন কিংবা নিছক ক্ষমতার পালাবদলের জন্য সংবিধানবহির্ভূত কোনো কার্যক্রম, সহিংসতা, জনমনে ভীতি সৃষ্টি বা ধ্বংসাত্মক কাজ চালানোর অধিকার গণতান্ত্রিক রাজনীতিতে নেই। ফোরাম মনে করে, চলমান এই নৃশংসতা মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ।
বিবৃতিতে বলা হয়, ফোরাম উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে অব্যাহত অবরোধ ও হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে দেশের জননিরাপত্তা আতঙ্কজনকভাবে বিপন্ন হয়ে উঠেছে। শ্রমজীবী মানুষ, বিশেষত সাধারণ পথচারী দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন নির্মম পন্থায় হতাহত হচ্ছে। পেট্রলবোমার আগুনে প্রতিনিয়ত নিরপরাধ নারী-শিশু, ছাত্রছাত্রী ও খেটে খাওয়া মানুষ আহত বা নিহত হচ্ছে। এমনকি ঝটিকা আক্রমণ চালানো হচ্ছে পুলিশ বাহিনীর ওপর। এ ধরনের সহিংসতা কখনো গণতান্ত্রিক আচরণ নয়। রাজনৈতিক আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, নিরীহ ও নিরপরাধ মানুষকে পুড়িয়ে হত্যা, সম্পদ ধ্বংস করা গণতান্ত্রিক সমাজে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বিজ্ঞপ্তি।