সেক্টর কমান্ডারস ফোরাম ও জামায়াতের সমাবেশ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের টিটু মিলনায়তন ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করায় গতকাল বৃহস্পতিবার সেক্টর কমান্ডারস ফোরাম ও জামায়াত পূর্বনির্ধারিত সমাবেশ করতে পারেনি। তবে শহরের সাতমাথায় সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।এদিকে টিটু মিলনায়তন থেকে দুই কিলোমিটার দূরে শহরের লতিফপুর এলাকায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে কর্মী সমাবেশ করেছে জামায়াত।সকালে সাড়ে আটটার মধ্যে বিপুলসংখ্যক পুলিশ টিটু মিলনায়তন ঘিরে ফেলে। সেখানে উপস্থিত বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখানে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না।’ সকাল ১০টা পেরিয়ে গেলে সেখানে আর কেউ যায়নি।জামায়াতের কর্মী সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বক্তব্য দিলেও মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিষয়টি কৌশলে এড়িয়ে যান। তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধী নিয়ে সরকারের ভীমরতি ধরেছে। বিগত দিনে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছি। গণতন্ত্রকে বড় করে দেখি বলেই আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে আন্দোলন করেছি। আমরা জানতাম, সময় ফুরিয়ে গেলে নানান কথা বলবেই। আওয়ামী লীগের সঙ্গে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছি, তখন এ দলের (আ.লীগ) নেতারা আমাদের গণতন্ত্রের নিয়ামকশক্তি বলতেন। আর আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, তখন তাঁদের ভাষায় আমরা হয়ে গেছি রাজাকার ও যুদ্ধাপরাধী।’সমাবেশে বগুড়া ছাড়াও পাবনা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন, পাবনা জেলা জামায়াতের আমির আবদুর রহিম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির আবদুল লতিফ প্রমুখ।সকালে সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সকাল ১০টায় মিছিল শেষে শহরের সাতমাথায় সমাবেশ করা হয়। সেক্টর কমান্ডারস ফোরাম বগুড়ার সভাপতি মাছুদার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মোত্তালেব, জেলা সিপিবির সাধারণ সম্পাদক দুলাল কুণ্ডু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের তৌফিক হাসান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জামান, জেলা ছাত্রলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার প্রমুখ।