সেক্টর কমান্ডারস ফোরাম থেকে অব্যাহতি নিলেন হারুন-অর-রশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ’৭১ থেকে অব্যাহতি নেওয়ার আবেদন করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) হারুন-অর-রশিদ। ডেসটিনি গ্রুপের সঙ্গে থাকায় তাঁকে জড়িয়ে সেক্টর কমান্ডারস ফোরামকে হেয় ও বিতর্কিত করার অপপ্রয়াস চলছে বলে আবেদনপত্রে উল্লেখ করেন তিনি। ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকারের কাছে গতকাল বুধবার তিনি এ আবেদন করেন। বর্তমানে তিনি ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট। ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট আবেদনে বলেন, ‘ফোরাম ও আমাকে জড়িয়ে বিরূপ মন্তব্যের কারণে সেক্টর কমান্ডারস ফোরামের চলমান কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। আমার কারণে ফোরামের সামান্যতম ক্ষতি হোক তা কখনোই আমার কাম্য নয়। এ কারণেই ফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি।’ এই অব্যাহতির মধ্য দিয়ে তাঁকে জড়িয়ে ফোরামকে বিতর্কিত করার অপপ্রয়াস বন্ধ হবে বলে তিনি মনে করেন। পৃথক বিবৃতি: ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে গতকাল আলাদা একটি বিবৃতি দিয়েছেন হারুন-অর-রশিদ। এতে তিনি বলেছেন, ‘ডেসটিনি বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাক্ষাত্কার চাওয়া হয়। এ জন্য অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করেন ডেসটিনির দুজন ক্রেতা-পরিবেশক। সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি, আমি নিজেও করিনি।’ব্যবস্থা নিচ্ছে সরকার: এদিকে সরকার ডেসটিনি গ্রুপের অনেক কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়কে (রেজসকো) গতকাল বুধবার কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, আইনি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রেজসকোর নিজেরই রয়েছে। ডেসটিনি বিষয়ে রেজসকোর নিবন্ধক আহমেদুর রহিমের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে আবারও তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল বুধবারই ছিল তা দাখিলের শেষদিন। মন্ত্রণালয় অবশ্য গতকাল প্রতিবেদন দাখিলের কোনো সময়সীমা না দিয়ে তা ‘অবিলম্বে’ দাখিলের কথা বলেছে। রেজসকো সূত্র জানায়, আজ বৃহস্পতিবার কোম্পানি আইনের ৩৬ ও ৩৪৬ ধারা লঙ্ঘনের দায়ে ডেসটিনি গ্রুপের অন্তত ১৫টি কোম্পানির বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।