সেক্টর কমান্ডারস ফোরাম থেকে পদত্যাগ করলেন এ কে খন্দকার

সেক্টর কমান্ডারস ফোরাম থেকে পদত্যাগ করলেন মুক্তিযুদ্ধের সময়ের বাংলাদেশ বাহিনীর উপপ্রধান ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। গতকাল বুধবার তিনি সংগঠনের চেয়ারম্যান ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
গতকাল সন্ধ্যায় সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীবের কাছে পাঠানো এক চিঠিতে তিনি তাঁর পদত্যাগের কথা জানান। তাঁর পদত্যাগপ্রাপ্তির বিষয়টি হারুন হাবীব প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে এ কে খন্দকার সংগঠনটির সদস্যপদ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি বলেছেন, বয়সের কারণে ফোরামের চেয়ারম্যান হিসেবে সার্বিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হয়ে উঠছে না, এ জন্যই তিনি পদত্যাগ করছেন। শারীরিকভাবে সক্ষম এমন কোনো ব্যক্তিকে ফোরামের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার জন্যও তিনি অনুরোধ করেছেন।
জানতে চাইলে গতকাল রাত আটটার দিকে হারুন হাবীব বলেন, ‘এ কে খন্দকারের লেখা ১৯৭১: ভেতরে বাইরে বইটি প্রকাশের পর সেক্টর কমান্ডারস ফোরাম আনুষ্ঠানিকভাবে আমরা ওই বইয়ের বক্তব্য বিভ্রান্তিকর বলে বিবৃতি দিয়েছি। এরপর আগামী শুক্রবার তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের নির্বাহী পর্ষদের সভা হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই সন্ধ্যায় এ কে খন্দকারের পদত্যাগপত্র পেলাম। আমি এটি শুক্রবারের সভায় উপস্থাপন করব।’
সম্প্রতি প্রথমা প্রকাশন থেকে এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই ১৯৭১: ভেতরে বাইরে প্রকাশিত হয়। এ বই নিয়ে বিতর্ক হয়। জাতীয় সংসদেও বইটি নিয়ে আলোচনা হয়।
১৯৭১ সালে পাকিস্তানি বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশে তিনি বিমানবাহিনীর প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব ও ২০১১ সালে স্বাধীনতা পদক পান।