সেক্টর কমান্ডারস ফোরামসহ বিভিন্ন সংগঠনের সন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশের রায়ে সন্তোষ প্রকাশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ’৭১সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
গতকাল রোববার পৃথক বিবৃতিতে সংগঠনগুলো এই সন্তোষ জানায়। পাশাপাশি এই রায় দ্রুত বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধের দায়ে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
সেক্টর কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ফোরাম মনে করে, এই রায়ের মাধ্যমে জাতির আরও একটি দায়মুক্তি ঘটেছে এবং মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধীরা তাদের যোগ্য শাস্তি পেয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ বিবৃতিতে এই রায়ের মতো অভিযুক্ত অন্য যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এই রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বিবৃতিতে বলেন, মীর কাসেম আলীর ফাঁসির রায়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বিবৃতিতে একই সঙ্গে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান।
এ ছাড়া চেতনার মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ, নতুনধারা বাংলাদেশ, উত্তরাধিকার ’৭১, বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্রভৃতি সংগঠন মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে।