সেক্টর কমান্ডারস ফোরামের কাল ঢাকায় কনভেনশন
সেক্টর কমান্ডারস ফোরাম কাল শনিবার স্বাধীনতার ৪০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাতীয় কনভেনশন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কনভেনশন হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি ছাড়াও মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা কয়েকজন বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল রোববার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, আবু ওসমান চৌধুরী, হারুন হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘দাবি বিশ্বমানবতার, যুদ্ধাপরাধীর হোক বিচার’—কনভেনশনের স্লোগান এটি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেই কনভেনশন করা হচ্ছে। এর বাইরে ১৪ ডিসেম্বর সেক্টর কমান্ডারস ফোরাম মানববন্ধন এবং ১৬ ডিসেম্বর শিখা চিরন্তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে।এক প্রশ্নের জবাবে এ কে খন্দকার বলেন, গোলাম আযম শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী। সেক্টর কমান্ডারস ফোরাম ৫০ জন যুদ্ধাপরাধীর তালিকা করে প্রমাণপত্রসহ আদালতের কাছে জমা দিয়েছে। এ কে খন্দকার বলেন, এ বিচার নিয়েও নানা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরাও দুর্বল নয়।