জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদারকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, জামায়াত-শিবিরের হামলায় মোস্তফা নিহত হন। খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, স্বাধীনতাবিরোধী এই চক্র দেশের বিভিন্ন স্থানে খুন, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি বিনষ্টসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বিচারকাজ শুরুর পর থেকেই সেক্টর কমান্ডারস ফোরাম বিচারের প্রক্রিয়াকে সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখাতে এবং রাষ্ট্রপক্ষের সাক্ষীদের নিরাপত্তা নিশ্চত করতে বারবার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানালেও আজও তা নিশ্চিত করা হয়নি। সাক্ষী সুরক্ষা আইনের কার্যকর প্রয়োগ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ফোরাম।