সেক্টর কমান্ডারস ফোরামের জাতীয় সম্মেলন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে আগামী শনিবার জাতীয় সম্মেলন করবে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম। এ ছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বরের বিস্তারিত কর্মসূচির পরিকল্পনাও প্রকাশ করেছে সংগঠনটি।গতকাল বুধবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা প্রকাশ করে ফোরাম। কর্মসূচির মধ্যে আছে ১৪ ডিসেম্বর বিকেল চারটায় রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল সাড়ে চারটায় সারা দেশের সব বধ্যভূমি, শহীদ মিনার, স্মৃতিসৌধে মানববন্ধন। এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২টায় মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় ও বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সোহ্রাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ক্ষণ উদ্যাপন অনুষ্ঠান করা হবে।সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের যুদ্ধকৌশল ও সেক্টর কমান্ডারদের সই করা সামরিক শক্তির বিন্যাসও প্রকাশ করা হয়। সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম এটি প্রকাশ করেন।রফিকুল ইসলাম বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর সমন্বিতভাবে যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ আসে। এ উদ্দেশ্যে সে সময় কলকাতার ৮ থিয়েটার রোডে (বর্তমানে শেক্সপিয়ার সরণি) বিচ্ছিন্নভাবে যুদ্ধরত সামরিক কমান্ডারদের সম্মেলন আহ্বান করা হয়। সম্মেলন চলে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত। সম্মেলনে যুদ্ধের বিভিন্ন দিক, যুদ্ধক্ষেত্রের বিরাজমান সমস্যা ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে লে. কর্নেল এম এ রবকে চিফ অব আর্মি স্টাফ ও তৎকালীন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারকে ডিপুটি চিফ অব স্টাফ পদে নিয়োগ দেওয়া হয়। এই সম্মেলনে সেক্টরগুলোর সীমানা নির্ধারণ, গেরিলা যোদ্ধাদের সংগঠিত করা, নিয়মিত বাহিনী সংগঠিত করার সিদ্ধান্ত হয়। সে সময় ১১টি সেক্টর নির্ধারণ করা হয়। এর ১০টি ছিল ভৌগোলিক অঞ্চল আর একটি ছিল অঞ্চলবিহীন বিশেষ সেক্টর। ওই সময়ের পর আর কাউকে সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর ওপর চোরাগোপ্তা হামলার জন্য স্বল্পমাত্রার প্রশিক্ষণ দিয়ে বিপুলসংখ্যক গেরিলা যোদ্ধাকে দেশের ভেতরে পাঠানো হয়। কয়েক বছর ধরে হামিদুল্লাহ খান নিজেকে ১১ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দাবি করে আসছেন। ওই দাবির সত্যতা সম্পর্কে জানতে চাইলে ফোরামের সভাপতি ও মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেন, একাত্তর সালের জুলাই মাসের ওই বৈঠকের পর যাঁদের সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তাঁদের বাইরে পরে আর কাউকে এই পদে নিয়োগ দেওয়া হয়নি। এখন যদি কেউ নিজেকে সেক্টর কমান্ডার দাবি করেন, তাহলে সে দাবির কোনো সত্যতা নেই।আরেক প্রশ্নের জবাবে এ কে খন্দকার বলেন, সরকার তাঁর নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার করেছিল। বর্তমান জাতীয় সংসদের প্রথম প্রস্তাবেও বলা হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। বিচারের কাজগুলো এরই মধ্যে শুরু হয়েছে। তবে অনেকে মনে করেন, সব কাজ ধীরগতিতে চলছে। সরকার হয়তো ভাবছে, তারা এমন প্রক্রিয়ায় বিচার করবে, যাতে বিরোধীরা কোনো বাড়তি সুযোগ না পায়। বািরোধীরা এরই মধ্যে বিদেশ থেকে আইনজ্ঞ নিয়ে এসেছেন, যিনি যে আইনে অপরাধীদের বিচার হয়েছে তার সমালোচনা করেছেন। কিন্তু এটা তিনি করতে পারেন না। দেশের জাতীয় সংসদে পাস হওয়া আইন নিয়ে বিদেশিরা কোনো কথা বলতে পারে না।আরেক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেকেই ভেবেছিলেন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে বিদেশ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে চাপ আসবে। কিন্তু আদতে আসেনি।সরকারের বাইরে থাকার সময় যুদ্ধাপরাধীদের বিচার করার দাবি করতেন। এখন সরকারের অংশ হয়েও কেন একই দাবি করতে হচ্ছে জানতে চাইলে এ কে খন্দকার বলেন, ‘সরকারের মধ্যে কাজ করে যাচ্ছি। এখানে বিস্তারিত বলার সুযোগ নেই। তবে মাঠপর্যায়ে সাধারণ মানুষ বিষয়টি নিয়ে যেন ভুল না বোঝে, সে জন্য মাঠেও কাজ চালিয়ে যাচ্ছি আমরা।’