সেক্টর কমান্ডারস ফোরামের সন্তোষ
মুক্তিযুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ গৃহীত হওয়ায় সেক্টর কমান্ডারস ফোরাম সন্তোষ প্রকাশ করেছে। একই অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল হওয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজের উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছে ফোরাম। গতকাল মঙ্গলবার দেওয়া বিবৃতিতে সেক্টর কমান্ডারস ফোরাম এ অভিমত দিয়েছে। অপর এক বিবৃতিতে একই অভিমত ব্যক্ত করেছেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের নেতারা।ফোরামের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে প্রথমে সাঈদীর বিরুদ্ধে অভিযোগগুলো গ্রহণ এবং ৩০ অক্টোবর থেকে শুনানি শুরুর দিন নির্ধারিত হওয়া জাতীয় জীবনে এক ঐতিহাসিক ঘটনা। ফোরাম আশা করে, আটক অন্য যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যথাসম্ভব দ্রুত অভিযোগ গঠন করা হবে। অপরাধীদের উপযুক্ত শাস্তি দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অভিযুক্ত ব্যক্তির বিচার হলে নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস জানতে পারবে। বিবৃতিতে বলা হয়, ৩০ লাখ শহীদ ও লাখো নারীর সম্ভ্রমহানির জন্য দায়ী গোলাম আযমসহ প্রতিটি যুদ্ধাপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা জরুরি। সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ: মঞ্চের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী ও সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার বলেছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারকাজ শুরু হওয়ায় দেশবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। পর্যায়ক্রমে সব ঘাতককে বিচারের আওতায় আনতে হবে। বিচারের মধ্য দিয়ে স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।